২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধু চিন্তা নিবাস’ না হওয়ায় ক্ষোভ

বিদ্যুৎস্বল্পতার কারণে ভোলার মনপুরায় ‘বঙ্গবন্ধু চিন্তা নিবাস’ প্রকল্প দেড় বছরেও একনেকে না যাওয়ায় ক্ষুব্ধ সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎস্বল্পতার কারণে ভোলার মনপুরায় ‘বঙ্গবন্ধু চিন্তা নিবাস’ প্রকল্প দেড় বছরেও একনেকে না যাওয়ায় ক্ষুব্ধ সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে কমিটির সভা ত্যাগ করেন তিনি। অবশ্য কিছুক্ষণ পর আবার বৈঠকে যোগ দেন তিনি। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক বিষয়ে জানতে চাইলে জ্যাকব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনপুরার প্রকল্পটি পিএসসি কমিটিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বলা হয়েছে।” “এখন বলা হচ্ছে বিদ্যুৎস্বল্পতার কারণে করা যাবে না। দেড় বছর পার হয়ে গেল, একনেকে যাচ্ছে না প্রকল্পটি।” বৈঠক থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, “প্রকল্পটি একনেকে না যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছি। সভা থেকে বের হওয়ার অধিকার আমার তো রয়েছে।” বৈঠকসূত্র জানায়, জ্যাকব পরে আবার বৈঠকে যোগ দেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভোলার মনপুরায় বঙ্গবন্ধু চিন্তা নিবাস স্থাপন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। বন্ধ থাকা/ত্র“টিপূর্ণ সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মেরামত কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় বৈঠকে। নতুন পাওয়ার প্লান্ট স্থাপন ও পুরাতন পাওয়ার প্লান্ট মেরামতের মধ্যে কোনটি বেশি লাভজনক তার একটি তুলনামুলক সমীক্ষা করে আগামী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। বৈঠকে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি রোধ এবং কৃষি জমিতে পানি সেচের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিটির অন্য সদস্য মো. ইসরাফিল আলম, নিলুফার জাফর উল্লাহ, মো. আব্দুল কাদের খান, ওমর ফারুক চৌধুরী, শেখ ফজলে নূর তাপস বৈঠকে অংশ নেন। প্রতিমন্ত্রী এনামুল হক বৈঠকে উপস্থিত ছিলেন না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১১৩ ঘ.