ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌবাহিনীর সদস্যরা বরিশালের কিত্তনখোলা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও জাটকা আটক করেছে।
গত তিন সপ্তাহ ধরে অভিযান চালিয়ে এসব আটক করা হয় বলে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
এতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি থেকে জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪৩ লাখ ৫২ হাজার ২৩৫ মিটার কারেন্ট জাল এবং একশ’ কেজি জাটকা জব্দ করা হয়।
আটককৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।
নৌবাহিনীর ১২টি জাহাজ ও বেশ কিছু বোট নিয়ে ৩৭ জন কর্মকর্তা এবং ৫৭১ জন নাবিক ‘অপারেশন জাটকা’ পরিচালনা করছে।
আগামী ৩১ মে পর্যন্ত অভিযান চলবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৪৭ ঘ.
bdnews24