চুয়াডাঙ্গা/চাঁদপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্র এবং চাঁদপুরে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলায় আলোকদিয়া বাজারে ইটবোঝায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সাইকেল আরোহী বরকত উল্লাহ এবং চাঁদুপর মতলব উত্তর উপজেলায় ভবনে কাজ করার সময় নির্মাণ শ্রমিক আব্দুস সাত্তার মোল্লা নিহত হয় বলে জানায় পুলিশ ও হাসপাতাল কর্র্তৃপক্ষ।
নিহত বরকত (১২) উপজেলার গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে পিতম্বরপুর গ্রামের সুকনাল আলির ছেলে।
অপরদিকে সাত্তার মোল্লা (৪০) উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের গোয়ালভাওর এলাকার মৃত আলী আহম্মদ মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী সাংবাদিকদের জানান, সকাল ৯টায় আলোকদিয়া বাজারে একটি ইটভর্তি ট্রাক্টর সাইকেল আরোহী বরকতকে ধাক্কা দিলে গুরুতর অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়ালভাওর এলাকার মো. হোসেনের তিনতলা ভবনে কাজ করার সময় সাত্তার ছাদ থেকে পড়ে যায়।
হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২০ ঘ.
bdnews24