মুন্সীগঞ্জ/চাঁদপুর/শরিয়তপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩১টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার বিকাল পর্যন্ত ৩১টি লাশ উদ্ধারের পর রাতে নদীতে ভেসে থাকা আরো পাঁচটি লাশ উদ্ধারের কথা জানান মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক।
তিনি বলেন, ৩৬টি লাশের মধ্যে ৩১টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শরীয়তপুরের ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি স্বজনদের কাছে ২৫টি লাশ হস্তান্তর করেছেন।
এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি শরীয়তপুরের সুরেশ্বর ঘাট থেকে ঢাকা যাওয়ার পথে সোমবার রাত আড়াইটার দিকে দুর্ঘটনায় পড়ে। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, একটি তেলবাহী কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে লঞ্চটি ডুবে যায়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী দুলাল দেওয়ান সাংবাদিকদের জানান, লঞ্চের আড়াইশর মতো যাত্রীর অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার পর চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি মিতালী নামের আরেকটি লঞ্চের সহায়তায় ২৫-৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
মিতালী লঞ্চের আনসার কমান্ডার আব্দুল হালিম বলেন, শরীয়তপুর-১ ডুবে যাচ্ছে দেখে তাৎক্ষণিকভাবে আমাদের লঞ্চের সবগুলো বয়া নদীতে ছেড়ে দেওয়া হয়। এতে প্রায় ৩০ জনকে উদ্ধার করা গেছে।
বিআইডব্লিউটিএর কর্মী এবং কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান শুরু করলেও নদীতে ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান নির্ণয় করতেই বেলা ১১টা বেড়ে যায়। সকাল থেকেই লঞ্চের যাত্রীদের খোঁজে নদী তীরে জড়ো হতে শুরু করেন তাদের স্বজনরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার জানান, “মেঘনার মূল চ্যানেলের চরকিশোরী এলাকায় প্রায় ৭০ ফুট পানির নিচে রয়েছে লঞ্চটি। উদ্ধারকারী জাহাজ রুস্তম ইতোমধ্যে লঞ্চটিকে বেঁধেছে। অপর উদ্ধারকারী জাহাজ হামজা আসার পর টেনে তোলার কাজ শুরু হবে।”
তিনি জানান, ডুবে যাওয়া লঞ্চটির ওজন অন্তত ২০০ টন। রুস্তম ও হামজার সম্মিলিত উদ্ধার ক্ষমতা ১২০ টনের মতো।
“ফলে দুর্ঘটনাকবলিত লঞ্চটি উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হবে। এতে অনেক সময় লাগবে বলেও মনে হচ্ছে”, বলেন চেয়ারম্যান।
এদিকে লঞ্চডুবির খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালেই নিখোঁজ যাত্রীদের খোঁজে স্বজনরা ছুটে যান শরীয়তপুরের সুরেশ্বর লঞ্চঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে আহাজারিও বাড়তে থাকে।
নিখোঁজ যাত্রী এনামুল হক সুমনের বাবা আব্দুল হক ব্যাপারী বলেন, বুধবারের ফ্লাইটে ইতালি যাওয়ার কথা ছিল সুমনের। তিন মাস আগে দেশে ফিরে বিয়ে করে সে। সোমবার রাতে স্ত্রী আর শাশুরিকে নিয়ে লঞ্চে ঢাকা যাচ্ছিল সে।
বিকেল পর্যন্ত নদীর তীরে অপেক্ষা করেও তাদের কারো খোঁজ পাননি আব্দুল হক।
লঞ্চডুবির ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর এই তিনটি কমিটি করেছে। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এছাড়াও ডেপুটি স্পিকার শওকত আলী এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখে নৌ মন্ত্রী সাংবাদিকদের বলেন, “নিহতদের প্রত্যেকের পরিবারকে ত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে। তবে একই পরিবারের একাধিক ব্যাক্তি মারা গিয়ে থাকলে পঁয়তাল্লিশ হাজার টাকা করে পাবে।”
বিআইডব্লিউটিএর সচিব মাহবুবুর আলম জানান, ১৯৯১ সালে তৈরি লঞ্চটিতে ২২৫ জন যাত্রী বহনের অনুমোদন রয়েছে। লঞ্চটির দৈর্ঘ্য ৩২ মিটার ও প্রস্থ ৮ মিটার।
লঞ্চটির ভেতর ঘুরে আসা একজন ডুবুরি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ভেতরে বেশ কিছু বস্তা দেখতে পেয়েছেন। সেগুলো না সরিয়ে লঞ্চ উদ্ধার করা কঠিন হবে বলেই তিনি মনে করেন।
পুলিশ সুপার (এসপি) মো. শাহাবুদ্দিন খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “দুর্ঘটনার জন্য দায়ী কার্গোটিকে আটক করার চেষ্টা চলছে।”
যাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তারা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রিপন, বদরুন্নেসা, শাবনূর, শাহাজামাল, সখিপুরের হযরত আলী, মিনহাজুল, চরচান্দার রছিতন, আমিন, ডামুড্যার বাপ্পি, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রুবেল, পারভেজ, বিয়ানা আক্তার, ঢাকার পোস্তগোলার সিরাজ দেওয়ান, গুপিবাগ এলাকার ফয়সাল, রিন্টু, নড়িয়া প-িতসারের আলি আহম্মেদ, শিফাত, ইসমাইল মাঝি, শাহারিয়ার বাদশা মাঝি, সুরেশ্বরের আলমগীর মীর, সাদেক, মিলন খান, আবদুল লতিফ, রূপবান বিবি, ডিঙ্গামানিকের সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/জেকে/পিডি/০০৩৫ ঘ.
bdnews24