২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা শিবিরে অবাধে এনজিওগুলোর কাজে সরকারের ‘না’

ইইউ দূতের আহ্বান প্রত্যাখ্যান করে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, শরণার্থী শিবিরগুলোতে এনজিও কার্যক্রমের আড়ালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নের সুপারিশ প্রত্যাখ্যান করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিওগুলোকে অবাধে কার্যক্রম চালাতে না দিতে সরকারের অবস্থানের কথা জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে দেখা করে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এনজিওগুলোকে অবাধে কাজ চালানোর সুপারিশ করে। বৈঠকের পর রাজ্জাক সাংবাদিকদের বলেন, শরণার্থী শিবিরগুলোতে এনজিওগুলোকে আগের মতো অবাধে কাজ করতে না দেওয়ার কথা তাদের (ইইউ) জানিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “ক্যাম্পগুলোতে এনজিওগুলোর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। নতুন করে রোহিঙ্গাদের কাউকে শরণার্থী শিবিরে ঢোকার বিষয়ে কড়াকড়ি আরোপ করতে পুলিশসহ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।” মিয়ানমারে সামরিক শাসকের নিপীড়নের শিকার রোহিঙ্গারা প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকতে শুরু করে। বর্তমানে কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে ২৪ হাজার রোহিঙ্গা রয়েছেন। এছাড়া প্রায় ৪ লাখ রোহিঙ্গা রয়েছে শিবিরের বাইরে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সরকারের নানামুখী উদ্যোগ সত্ত্বেও এখনো তা সফল হয়নি। মন্ত্রী বলেন, “সরকার ২৪ হাজার রোহিঙ্গার থাকার ব্যবস্থা করেছে। ইউরোপীয় ইউনিয়নসহ ইউএনএইচসিআর’র সহায়তায় এদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ওই এলাকায় বর্তমানে প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।” মন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন ঢাকায় ইইউ’র দূত উইলিয়াম হান্না এবং ইকো-ব্রাসেলস’র ইউনিট প্রধান এস্কো কেনত্রিসচিনস্কি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। রাজ্জাক বলেন, ইইউ এখন মিয়ানমারে তাদের দপ্তর স্থাপনের উদ্যোগ নিয়েছে। সেখানে প্রায় ১০ কোটি ডলারের প্রকল্পও নেবে তারা, যা ভবিষ্যতে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ নিরুৎসাহিত করবে। এছাড়াও বৈঠকে ইইউ’র সহায়তায় পরিচালিত সমন্বিত দুর্যোগ ব্যবস্থা কর্মসূচির (সিডিএমপি) কার্যক্রম জোরদার এবং তাদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয় বলে মন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৫০ ঘ.