লক্ষ্মীপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হওয়ার পরও লক্ষীপুরের মেঘনা নদীতে কারেন্ট জাল ফেলা নিয়ে কোস্টগার্ডের সঙ্গে সংঘর্ষে ১০ জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
কোস্টগার্ডের কমলনগর কোম্পানির অধিনায়ক হেমায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুরে লুধুয়াঘাট এলাকায় মেঘনা নদীতে ফেলা কারেন্ট জাল কোস্টগার্ড সদস্যরা আটক করতে গেলে জেলেরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার জন্য গুলি ছোঁড়ে।”
তবে কোস্টগার্ড কত রাউন্ড গুলি ছুঁড়েছে তা বলতে পারেননি এই কর্মকর্তা।
ইলিশ রক্ষায় মেঘনায় মার্চ-এপ্রিল দুই মাস জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
গুলিবিদ্ধ নুরুল আমিন মাঝি (৫০), মোসলেহ উদ্দিন (৪০), মাহফুজ (২৮), মাকসুদ (৩০), আলাউদ্দিন (১২), তৌছির আহমেদ (২৫), আব্বাস (১৪), রুবেল (১০), লোকমান (২২) ও মোস্তফাকে (২৫) কমলনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা উপজেলার লুধুয়াফলকন ও সাহেবের হাট গ্রামের বাসিন্দা বলে জেলেরা জানান।
এ ঘটনার পরপরই কমলনগরের উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন এবং কমলনগর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24