ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া আরো চারজন উপসচিবসহ ১০ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব পদোন্নতি ও রদবদল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব ড. গোলাম ফারুককে উপসচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে সংযুক্ত উপসচিব ডা. সারোয়ার বারীকে একই মন্ত্রণালয়ের আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের-২’ উপ-প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
র্যাবের আইন কর্মকর্তা পদে প্রেষণে থাকা উপসচিব আশরাফ হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব মিজানুর রহমানকে একই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা পদে প্রেষণে থাকা উপসচিব মফিজুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কাজী শফিকুল আলমকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফেরদৌসী আখতারকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সহকারী পরিচালক (শিক্ষা) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
নীলফামারী সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার নাসরিনকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনারের একান্ত সচিব পদে কর্মরত জ্যেষ্ঠ সহকারী সচিব এসএম খুরশিদ উল আলমকে ইউএনও নিয়োগের জন্য রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ফারুক আহমেদকে জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এবং ওএসডি জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদারকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/
bdnews24