ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র জুবায়ের হত্যা মামলায় আটক আরো এক শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
মো. জাহিদ হাসান নামে প্রাণিবিদ্যা বিভাগের ওই ছাত্র এ মামলার এজাহারভুক্ত আসামি নন।
সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ জামিন আবেদন নাকচ করেন বলে জানান বাদীর আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস।
এর আগে গত ২ ফেব্র“য়ারি এজাহারভুক্ত প্রধান আসামি খন্দকার আশিকুল ইসলামের জামিন আবেদনও নামঞ্জুর হয়েছিলো।
প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক আদালতে এ মামলার অন্যতম আসামি নাজমুস সাকিব তপুর জামিন আবেদনের ওপর শুনানির দিন নির্ধারিত রয়েছে।
এদিকে এ মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জুবায়েরের ভাই অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ২৫ জনেরও বেশি হত্যাকাণ্ডে জড়িত থাকলেও ধরা পড়েছে মাত্র ৪ জন।
গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমেদকে কুপিয়ে গুরুতর আহত করে ‘উপাচার্যপন্থী’ বলে পরিচিত একদল ছাত্রলীগ কর্মী। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় গ্রেপ্তার প্রাণিবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র মাহবুব আকরাম ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র নাজমুস সাকিব তপু গত ১৫ জানুয়ারি ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এএল/১৬১৬ ঘ.
bdnews24