২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক বক্তব্য: অর্থমন্ত্রীর সমালোচনায় স্পিকার

অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপনের সময় বিরোধী দলকে নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখায় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপনের সময় বিরোধী দলকে নিয়ে রাজনৈতিক বক্তব্য রাখায় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন স্পিকার আবদুল হামিদ। অনুজ সাংসদদের অনুসরণীয় এ জ্যেষ্ঠ মন্ত্রী এ ধরনের বক্তব্য রাখা ঠিক বলে মনে করেন না বলেও জানান তিনি। রোববার জাতীয় সংসদে ‘২০১২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন’ উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরোধী দলের সোমবারের সমাবেশ কর্মসূচির সমালোচনা করেন। খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “প্রধান বিরোধী দল বিএনপির ডাকা ‘চলো, চলো, ঢাকা চলো’ কর্মসূচি একটি অবাঞ্ছিত উদ্যোগ।” “আমার আজকে অর্থনীতি নিয়ে বলার কথা থাকলেও বিরোধী দলের অবাঞ্ছিত উদ্যোগের কারণে এ বিষয়ে বলতে হচ্ছে। বিরোধীদলের ১২ মার্চ কর্মসূচি নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা।” খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মুহিত বলেন, “তার সময়ে কখনো অবাধ নির্বাচন হয়নি। এখন তিনি স্বরূপে আবির্ভূত হয়েছেন। তার (খালেদা) দুই ছেলের, অন্য সহযোগীদের বিচার বানচাল করতে এ কর্মসূচি।” বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার ব্যহত করতে এবং আইনের শাসনের ব্যত্যয় ঘটাতে এ কর্মসূচি দিয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, জনগণ তাদের এ উদ্যোগের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করবে। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীতে সোমবার মহাসমাবেশ করছে বিএনপি; যাতে সারা দেশ থেকে দলটির নেতা-কর্মীদের যোগ দেওয়া কথা। এ কর্মসূচির দিন এবং আগের দিন ঢাকার সঙ্গে দেশের বাস যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা এ জন্য সরকার ও সরকারি দল সংশ্লিষ্টদের ‘নির্দেশ’ থাকার কথা বললেও সরকার তা অস্বীকার করেছে। খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “সংসদের বাইরে বিশৃঙ্খলা না করে সংসদে এসে সরকারের প্রতি অনাস্থা আনুন। কিন্তু তিনি এটি করবেন না। কারণ তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন না।” অর্থমন্ত্রী প্রতিবেদন উপস্থাপন শেষ করার পর স্পিকার বলেন, “আপনি অনেক নবীন সংসদ সদস্যের কাছে অনুকরণীয় ও অনুসরণীয়। যদি আপনি বলতেন বিরোধী দলের হরতালসহ বিভিন্ন কর্মসূচি অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে তাহলে তা প্রাসঙ্গিক হতো।” “তবে তা না করে আপনি অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তা প্রাসঙ্গিক হয়নি।” অর্থমন্ত্রীর বক্তব্য অসংসদীয় হয়নি উল্লেখ করে স্পিকার বলেন, “তবে প্রাসঙ্গিক হয়নি বলে আপনার ওই রাজনৈতিক বক্তব্য সঠিক হয়েছে বলে মনে করতে পারছি না।” এ সময় মাইক ছাড়াই আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ উচ্চ স্বরে বলেন, “অর্থমন্ত্রী এমন কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি যে স্পিকার এ ধরনের মন্তব্য করতে পারেন।” এ বিষয়ে এ সময় একমাত্র স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চাইলে স্পিকার তাকে ফ্লোর দেননি। তবে ফজলুল আজিম মাইক ছাড়াই স্পিকারের বক্তব্যের প্রতি সমর্থন দিয়ে তাকে ধন্যবাদ জানান। বিগত সময়গুলোতে অর্থমন্ত্রী সংসদে প্রতিবেদন উপস্থাপনের পর সংসদ সদস্যরা তার কাছে এসে অভিবাদন জানান। তবে স্পিকারের বক্তব্যের পর রোববার এ চিত্র দেখা যায়নি। সে সময় মাগরিবের বিরতি পড়ে যাওয়ায় সংসদ সদস্যরা যার যার মতো অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এআরএইচ/পিডি/২৩৩৯ ঘ.