২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ‘আউলা-ঝাউলা’: মতিয়া

বিএনপি’র মতো ‘আউলা-ঝাউলা’ রাজনৈতিক দল দিয়ে আন্দোলন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি’র মতো ‘আউলা-ঝাউলা’ রাজনৈতিক দল দিয়ে আন্দোলন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিএনপি গত বছরের ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের নামে কী করতে চেয়েছিল তার ব্যাখ্যা চেয়ে মন্ত্রী বলেছেন, “আপনারা ভেবেছিলেন বসে পড়বেন। কিন্তু, দুপুরের পড়েই বিরানীর প্যাকেট নিয়ে চম্পট। এই ধরণের আউলা-ঝাউলা পার্টি নিয়ে সফল হবেন না।” জাতীয় সংসদের রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে মতিয়া চৌধুরী এ কথা বলেন। গত ১৮ ডিসেম্বর সকালে রাজধানীতে বিএনপির মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে আগতদের লাঠিপেটা করে পুলিশ। এরপর রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটে। ওই দিন ঢাকা ও সিলেটে বোমা বিস্ফোরণ এবং গাড়িতে আগুনের ঘটনায় দুজন নিহত হয়। বিএনপির উদ্দেশে রোববার মতিয়া বলেন, “নৈরাজ্য সৃষ্টি করবেন। সরকারেরও দায়-দায়িত্ব আছে।” ১৯৯১ সালের নির্বাচনে খালেদা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র টাকা নিয়েছিলেন- এ খবরের প্রতি ইঙ্গিত করে কৃষিমন্ত্রী বলেন, “আইএসআই বা যার কাছ থেকেই টাকা খান, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।” বর্তমান সরকারকে আরো এক দফা ক্ষমতায় রাখার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে সংরক্ষিত নারী আসনের সাংসদ তারানা হালিম বলেন, “বর্তমান সরকার যে কাজ শুরু করেছে, তা শেষ করতে জনস্বার্থে এই সরকারকে দু’টি টার্ম ক্ষমতায় থাকতে দেওয়া উচিত।” ভোটারদের উদ্দেশ্যে তারানা হালিম বলেন, “রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দেশকে জঙ্গীবাদের রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল- এটা যেন জনগণ ভুলে না যায়।” “জামাতকে কাঁধে নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে আফগানিস্তান এবং বাঙালিদের তালেবান বানাতে চায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৩৪ ঘ.