২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে বাস নেই, ঢাকার পথে লঞ্চও বন্ধ

পরিবহন মালিকরা বলছেন, প্রশাসনের অলিখিত নির্দেশ, হয়রানি এবং নিরাপত্তার কারণে রোববার ও সোমবার দূর পাল্লার বাস বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছেন। সায়েদুল ইসলাম তালাতের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের সঙ্গে ঢাকার সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সোমবারের এই মহাসমাবেশের আগে রোববার সকাল থেকে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, চলছে না দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোও। পরিবহন মালিকরা বলছেন, প্রশাসনের অলিখিত নির্দেশ, হয়রানি এবং নিরাপত্তার কারণে রোব ও সোমবার দূর পাল্লার বাস বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছেন। বিএনপি বলছে, ঢাকায় তাদের জনসমাগমে বাধা দিতেই প্রশাসন বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাস কিংবা লঞ্চ চলাচল করতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। তবে ঢাকার বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা বলছেন, ‘ওপরের’ নির্দেশেই তারা চলাচল বন্ধ রেখেছেন। উত্তরাঞ্চলগামী এসআই এন্টারপ্রাইজের কল্যাণপুরের কাউন্টার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিকিট বিক্রিতে নিষেধ আছে। সবই তো বোঝেন।” দুপুরে গাবতলীতে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষ, কিন্তু বাস নেই। দূরপাল্লার বাস শনিবার রাত থেকে বন্ধ হয়ে গেলেও নিকটগামী বাসগুলো চলছিল। রোববার দুপুর থেকে তাও চলছিল না। গাবতলী থেকে সাভার, নবীনগর ও ধামরাইগামী বাস না চলায় এইসব গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সিএনজি অটোরিকশায় জনপ্রতি ১০০ টাকা করে অনেককে সাভার যেতে দেখা যায়। সায়েদাবাদও ও মহাখালী বাস টার্মিনালেও একই চিত্র দেখা যায়। দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকার অভ্যন্তরীণ রুটেও রোববার গাড়ির সংখ্যা ছিল নগন্য। ফলে নগরবাসীর বিড়ম্বনারও শেষ ছিল না। সরোয়ার হোসেন নামে গাবতলী-সায়েদাবাদ রুটের এক বাসচালকের সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাস বের করেছিলাম। কিন্তু টেকনিক্যালে কয়েকটি গাড়ি শ্রমিক লীগ নেতাকর্মীরা ভেঙে দেয়। বেশ কিছু বাস আটকে নিয়েও গেছে। এরপর থেকে বাস বন্ধ।” বাসের মতো সদরঘাটে কয়েকটি লঞ্চ এলেও সেগুলোকে ঘাটে ভিড়তে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রাম থেকেও ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস চলেনি। চট্টগ্রাম থেকে দূরপাল্লার মোট ৫৫টি রুটের বাসের একটিও চলবে না বলে কাউন্টারের কর্মীরা জানান। চট্টগ্রামে সৌদিয়া, গ্রীণ লাইন, সোহাগসহ আরও একাধিক কাউন্টারের কর্মীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসমাবেশ সোমবার শেষ হলে এই সব বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। ইউনিক বাসের চট্টগ্রামের কাউন্টার ব্যবস্থাপক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “রোববার ও সোমবার কোনো বাস চলবে না। কোনো টিকিটও বিক্রি করছি না।” বিভিন্ন স্থান থেকে পাঠানো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের খবর- চাঁদপুর: শনিবার সকাল থেকে ঢাকাগামী লঞ্চ ও বাস চলাচল বন্ধ থাকায় রোববার এই দু’স্থানে যাত্রীদের আনাগোনা ছিল একেবারেই কম। সকালে লঞ্চ ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাট যাত্রী শূন্য। তবে ঘাট এলাকায় আইন-শৃঙ্খলা সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। চাঁদপুর-ঢাকাগামী এমভি আব-এ-জম জম-এর ব্যবস্থাপক মো. বিপ্লব সরকার বলেন, “লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা। লঞ্চ বন্ধ থাকায় দু’দিনে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।” চাঁদপুর-ঢাকা রুটে প্রতিদিন ছোট-বড় ১২টি লঞ্চ চলাচল করে। এছাড়া নারায়ণগঞ্জ রুটেও ১২টি লঞ্চ চলাচল করে। চাঁদপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলো পড়ে রয়েছে। টিকেট কাউন্টারে নেই কোনো যাত্রী। এমনকি টিকিট বিক্রির লোকজনকেও কাউন্টারে পাওয়া যায়নি। তবে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। টাঙ্গাইল: শনিবার সন্ধ্যা থেকে বঙ্গবন্ধু সেতু, টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টাঙ্গাইল জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান জানান, নিরাপত্তার বিষয় চিন্তা করে শনিবার সন্ধ্যা থেকে ১২ মার্চ সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু-ঢাকা সড়কে টাঙ্গাইল জেলা বাস, কোচ ও মিনিবাস মালিক সমিতির সকল যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদারীপুর: মাদারীপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। মাদারীপুর বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সড়ক পথে বিভিন্ন স্থানে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে গাড়ি ভাংচুরের আশঙ্কায় পরিবহন মালিকরা রোববার মাদারীপুর থেকে দূরপাল্লার কোনো গাড়ি চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই বাস চলাচল বন্ধ রয়েছে। শেরপুর: শেরপুর থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ১২ মার্চের কর্মসূচির জন্য নিরাপত্তা বিঘিœত হতে পারে এমন আশঙ্কায় বাস মালিকরা বাস ছাড়তে রাজি হচ্ছেন না বলে শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু জানিয়েছেন। নারায়ণগঞ্জ: শনিবার বিকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধ হয়ে গেছে বাস চলাচল। ঢাকাগামী সিএনজি অটো রিকশা ও প্রাইভেট কারগুলোতে পুলিশের তল্লাশি চলে। ভোগান্তির শিকার যাত্রীদের অনেককে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারে বেশি ভাড়ায় রওনা হতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে বাস মালিক বলেন, সড়কের বিভিন্ন স্থানে পুলিশ যানবাহন তল্লাশি করে ‘অহেতুক’ মামলা দিচ্ছে। এছাড়া প্রশাসন থেকেও চাপ রয়েছে। শহরের বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনাল থেকে নৌ-পথেও বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী লঞ্চ অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করেছে। বাস চলাচল না করায় ট্রেনে ছিল উপচেপড়া ভিড়। যানজটের সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ছিল ফাঁকা। নোয়াখালী: বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর) থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর: রোববার সকাল থেকে দূর-পাল্লার এবং দুপুরের পর থেকে লোকাল রুটে চলাচলকারী বাসও বন্ধ হয়ে যায়। বাসের অভাবে বিকল্প পরিবহনে চলাচল করতে গিয়ে যাত্রীদের অনেক ভাড়া গুনতে হয়েছে। বাসের বিকল্প হিসেবে পথে নামা বিভিন্ন মাইক্রোবাস ও লেগুনা থেকে চাঁদাবাজিও হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/প্রতিনিধি/এমআই/২০৩০ ঘ.