ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সংবাদ পত্রিকার সাবেক সম্পাদক বজলুর রহমানকে সাংবাদিকতায় স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) দিচ্ছে সরকার।
এছাড়া বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত আরো নয় জনকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স¦াধীনতা পুরস্কার প্রদান করবেন।
রোববার সরকারি তথ্য বিরবণীতে এ তথ্য জানানো হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে আগরতলা ষড়যন্ত্র মামলায় দুই নম্বর আসামী শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও সিরাজগঞ্জে প্রতিরোধ যুদ্ধের সংগঠক মহকুমা প্রশাসক শহীদ আবুল কালাম শামসুদ্দিনকে মরণোত্তর পদক দেওয়া হবে।
একই ক্ষেত্রে আরও পুরস্কার পাবেন চাঁদপুরে মুক্তিবাহিনীর চিকিৎসকের দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা নয়ীম গহর।
সাহিত্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আবুল ফজল (মরণোত্তর), চিকিৎসাবিদ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবং শিক্ষাক্ষেত্রে খ্যাতনামা নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম পদক পাচ্ছেন।
এছাড়া গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রবাসী পদার্থবিদ ড. কামরুল হায়দার স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/২০৩৬ ঘ.
bdnews24