চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে দায়ের একটি মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ ছয় জনকে চট্টগ্রামের একটি আদালতে তলব করা হয়েছে।
রোববার চট্টগ্রামের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম আগামী ১৫ এপ্রিলের মধ্যে তাদের আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।
সকালে একই আদালতে সালামসহ ছয় জনের বিরুদ্ধে মামলাটি করেন চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নবাব আলী।
মামলার অন্য আসামিরা হলেন- একুশে টেলিভিশনের প্রতিবেদক মাহাথীর ফারুকী, মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, প্রতিবেদক মো. ফারুক, ক্যামেরাম্যান শাহীন ও ওসমান।
মামলায় বাদি উল্লেখ করেছেন, তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি’র আদর্শ ও উদ্দেশ্যে অনুপ্রাণিত একজন কর্মী।
বাদির আইনজীবী এস জে কামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ ও ৩ মার্চ একুশে টেলিভিশনে প্রচারিত সংবাদে সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করায় তাদের মানহানি হয়েছে।
এতে সংক্ষুব্ধ হয়ে নবাব আলী মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৫৫ ঘ.
bdnews24