২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্যুৎকেন্দ্র ধসের ঘটনায় তদন্ত কমিটি

রাজশাহীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে পড়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

রাজশাহী, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে পড়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। দুর্ঘটনার পর রাতেই জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র পক্ষ থেকে এ দুটি কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার বিকালে নির্মাণাধীন কাটাখালী-পিকিং বিদ্যুৎ কেন্দ্রের সার্কুলেটিং ওয়াটার পাম্পের ছাদ ঢালাইয়ের সময় ভবনটি ধসে শ্রমিকরা আটকা পড়ে। পরে সেখান থেকে ৩০ শ্রমিককে উদ্ধার করা হয়। ৫০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রটি চায়না কোম্পানি ডং-ফেং ইলেকট্রিক কর্পোরেশন (ডিইসি) নির্মাণ করছে। আগামী মে মাসে কেন্দ্রটি উৎপাদনে যাওয়ার কথা ছিলো। রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে দিয়েছেন। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরি জানান, বিদ্যুৎ সচিবের নির্দেশে পিডিবি’র পরিচালক (সিভিল) মিনহাজ উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী এনামুল হক শনিবার রাতে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫৪ ঘ.