ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় স্কুলছাত্র দীপ্ত দাস শুভ হত্যা মামলার রায় আগামী ১৯ মার্চ ঘোষণার করবে আদালত।
মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন রোববার এ তারিখ নির্ধারণ করেন।
চাঁদার দাবিতে গেন্ডারিয়ার কে বি রোডের ৩৪ নম্বর বাড়িতে গত বছরের ৮ জানুয়ারি শুভকে হত্যা করেন একই ভবনে বসবাসকারী তাজুল ইসলাম সাগর।
ঘটনার পরদিন সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দেন।
চতুর্থ শ্রেণীর ছাত্র ১০ বছর বয়সী শুভকে হাত, পা ও মুখ বেঁধে বাথরুমে পানির ড্রামে চুুবিয়ে হত্যাকারী সাগর একই ভবনে বসবাসকারী মুদি দোকানদার সিরাজ হোসেনের ছেলে।
মাদকসেবী সাগর হত্যাকাণ্ডের পর ওই ঘরে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ সময় তিনি শিশুটির বাবা বিভূতি রঞ্জন দাসকেও (৪০) জবাই করে হত্যার চেষ্টা করেন।
মামলায় সাগরকে আসামি করে অভিযোগপত্র দাখিলের পর ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে গত বছরের ২৭ ডিসেম্বর বিচার শুরু হয়।
রাষ্ট্র পক্ষে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষে সাগরের মা এ আদালতে সাফাই সাক্ষ্য দেন।
মামলাটির আসামি সাগরকে আদালতের পুলিশ হাতকড়া ছাড়া গেন্ডারিয়ায় আসামির বাড়িতে এবং উল্টোদিকের কয়েকটি হোটেলে বেশ কয়েকটি তারিখে ভাত খাওয়াতে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। শুভর মা স্কুল শিক্ষিকা শিউলি রানী দাস এবং আদালত পাড়ায় দায়িত্ব পালনকারী কয়েকজন সাংবাদিক এ অভিযোগ করেছিলেন।
এ বিষয়ে এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলি রফিকুল ইসলাম বলেন, তিনিও এ অভিযোগটি শুনেছেন। তবে নিজের চোখে দেখেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৪৯ ঘ.
bdnews24