ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির সুপারিশের প্রেক্ষিতে গত ৯ ফেব্র“য়ারি ৫ সদস্যের ইসি নিয়োগ দেন।
তবে প্রধান বিরোধী দল এ প্রক্রিয়ার বিরোধিতা করে এসেছে।
বেলা ১২ টায় সিইসির নেতৃত্বে বঙ্গবভনে যান বাকি চার নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাভেদ আলী ও মো. শাহনেওয়াজ।
বঙ্গভবন থেকে ফিরে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন ইসি গঠনের পর প্রথম সাক্ষাতে সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। রাষ্ট্রপতি ইসির কাজে সন্তোষ প্রকাশ করেছেন।
“সাংবিধানিক এ প্রতিষ্ঠানে সব কাজে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। স্বাধীনভাবে ইসিকে কাজ করতেও তাগিদ দেন তিনি”, বলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।
স্থানীয় ও জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থানও তুলে ধরা হয়েছে রাষ্ট্রপতির কাছে।
শাহনেওয়াজ বলেন, “ইভিএম ব্যবহারের বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি ইসিকে উৎসাহিত করেছেন। ব্যপক গণসচেতনতা তৈরির পর এ বিষয়ে অগ্রসর কথাও জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।”
ইসির অবস্থানের বিষয়ে তিনি জানান, স্থানীয়ভাবে ইভিএম ব্যবহার হলেও জাতীয় নির্বাচনের বিষয়ে ইসি এখনো সিদ্ধান্ত নেয় নি। দলগুলোর সঙ্গে আলোচনা করে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে গণসচেতনতায় জোর দেবে নতুন ইসি।
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল এপ্রিলের মাঝামাঝি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৫১০ ঘ.
bdnews24