২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মায়ের জন্য রাস্তায় দাঁড়াল মেঘও

এক মাস পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী সনাক্ত করতে না পারায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 10:29 AM

Updated : 25 Apr 2022, 09:07 PM

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর-রুনির সহকর্মীদের আয়োজনে এক প্রতিবাদী মানববন্ধনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নিহতদের শিশুপুত্র মাহির সরওয়ার মেঘকে।

রুনির কর্মস্থল বেসরকারি টেলিভিশন স্টেশন এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন বলেন আসামীদের চিহ্নিত করতে না পারায় সরকারের সমালোচনা করে বলেন, “এটা পুলিশের ব্যর্থতা নয়, এটা সরকারের ব্যর্থতা।”

বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা ফেডারেল ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল অবশ্য দোষ দেন পুলিশের।

তিনি বলেন, “এক মাসেও খুনিদের সনাক্ত করতে না পারা পুলিশের চরম ব্যর্থতা। প্রধানমন্ত্রী ও তার সরকার আন্তরিক হলেও পুলিশ তদন্তে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।”

বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর এক মাস পার হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এক মাসেও হত্যাকারী সনাক্ত না হওয়ায় ‘রাষ্ট্রকে ব্যর্থ’ অভিহিত করে ১৮ মার্চের মধ্যে হত্যাকারী গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তা না হলে ওইদিনই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করে দেন তারা।

মানববন্ধনে এটিএন বাংলা ও মাছরাঙার সাংবাদিকরা ছাড়াও সাংবাদিক নেতারাও যোগ দেয়।