২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ ঘাটে ভিড়ছে না, যাত্রী নামছে মাঝ নদীতে

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন রুটে লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার পর যে কয়টি লঞ্চ ঢাকায় আসছে তাও সদরঘাটে ভিড়ছে না। ফলে যাত্রীদের মাঝ নদী থেকে নৌকায় করে ঘাটে আসতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন রুটে লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার পর যে কয়টি লঞ্চ ঢাকায় আসছে তাও সদরঘাটে ভিড়ছে না। ফলে যাত্রীদের মাঝ নদী থেকে নৌকায় করে ঘাটে আসতে হচ্ছে। বোরবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল থেকে ৩৮টি লঞ্চ সদরঘাটে আসেন। কিন্তু সদরঘাটের পুলিশ লঞ্চ ঘাটে ভিড়তে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে পুলিশ কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ঘাটে পুলিশ দেখে ভয়ে লঞ্চ ভিড়ছেনা। অন্যদিন সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলে দুপুর ১২টা পর্যন্ত ১০/১২টি লঞ্চ ছাড়লেও রোববার লঞ্চ ছেড়েছে মাত্র চারটি। মালিকপক্ষ বলেছে, যাত্রীর অভাবে লঞ্চ ছাড়া সম্ভব হচ্ছে না। ঢাকায় কোনো লঞ্চ পুলিশ রিকুইজিশন না করলেও চাঁদপুর ও নারায়ণগঞ্জে ৫/৬টি লঞ্চ রিকুইজিশন করা হয়েছে বলে মালিকপক্ষ অভিযোগ করছেন। তবে চাঁদপুরের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা একটি লঞ্চ রিকুইজেশন করেছে। মালিক পক্ষের অভিযোগের কথা জানালে তিনি বলেন, “এখানে বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে। তাই তারা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।” বিআইডব্লিওটিএ-এর ট্রাফিক ইন্সেপেক্টর (টিআই) মো. মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় আসা ৩৮টি লঞ্চের মধ্যে ভোরে কয়েকটি লঞ্চ ঘাটে ভিড়েছে। তবে বাকিগুলো আর ভিড়ছে না। কিছু লঞ্চ কেরানীগঞ্জের তেলঘাট, ওয়াইজ ঘাটে ভিড়ছে বলে তিনি জানান। ঘাটে কেন ভিড়ছে না জানতে চাইলে তিনি বলেন, “তা আমার জানা নেই।” সদরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দাউদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোনো লঞ্চকে ঘাটে ভিড়ছে নিষেধ করেনি।” বাংলাদেশ লঞ্চ মালিক সামিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীর অভাবে রুটিন মাফিক লঞ্চ ছাড়া যাচ্ছে না। আর পুলিশ ঘাটে কোনো লঞ্চ ভিড়তে দিচ্ছে না। দেশে আগে কখনো লঞ্চ রিকুইজিশন হয়নি জানিয়ে তিনি বলেন, এবারই এই পর্যন্ত চারটি লঞ্চ রিকুইজিশন করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩৪০ ঘ.