ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপির ১২ মার্চের সমাবেশে আর কোনো বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে আবেদনটি দাখিল করেন।
শুনানির পর দুপুর ২টায় এই আবেদনের বিষয়ে আদেশ দেওয়ার কথা জানিয়েছে আদালত।
ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশের আগের দিন আদালতে এই আবেদন করা হয়েছে। বিএনপির অভিযোগ, সরকার বিভিন্নভাবে মহাসমাবেশকে বাধাগ্রস্ত করছে। গ্রেপ্তার করছে নেতা-কর্মীদের।
রিট আবেদনে নির্দেশনা চাওয়ার পাশাপাশি কয়েকটি রুলও চাওয়া হয়েছে। সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৬ ৩৭, ৩৮, ৩৯ ও ৪৩ অনুচ্ছেদে নিশ্চিত করা সাধারণ নাগরিকদের বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সহযোগী দলের কর্মী সমর্থকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন বিবাদিদেরকে নির্দেশ দেওয়া হবে না, আবেদনে এই রুল চাওয়া হয়।
এত বিবাদি করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে।
রুল বিচারাধীন থাকা অবস্থায় ১২ মার্চের সমাবেশকে সামনে রেখে আইনের যথাযথ প্রক্রিয়া ব্যতীত গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়েছেন ব্যারিস্টার কাজল।
নয়া পল্টনে আগামী ১২ মার্চ সমাবেশ করতে আর কোনো ধরনের বাধা না দেওয়া এবং বেআইনিভাবে গ্রেপ্তার ও আটকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪৫৮ ঘ.
bdnews24