চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ফেরিওয়ালা’ সেজে আবাসিক ভবনে চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. আমীর হোসেন (৩৫) ও মো. মহিউদ্দিন (৩২)।
কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে শুক্রবার বিকালে গ্রেপ্তার হওয়া এই চোরদের শনিবার দুপুরে কোতোয়ালী থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দেড় ভরি স্বর্ণালঙ্কার ও একটি গোল্ডপ্লেইটের নেকলেসও উপস্থাপন করা হয় এ সময়।
গ্রেপ্তারকৃতরা নিজেদের সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে উল্লেখ করনে।
আমীর ও মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, সারা দেশে এই ধরণের চুরিতে ২০ থেকে ২২ জনের একটি সংঘবদ্ধ চক্র কাজ করে। এই চোর চক্রের নাম ‘রানা-হোসেন’।
প্রায় ২২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় এই চক্র চুরির ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করে গ্রেপ্তারকৃত দুই জন বলেন, তারা গত ছয়-সাত বছর ধরে এই চক্রের সদস্য হিসেবে কাজ করছেন।
এই চক্রের অংশ হিসাবে চট্টগ্রাম অঞ্চলে ছয় জনের একটি গ্র“প চুরি করে থাকে বলে জানান তারা।
বিভিন্ন বাসা থেকে চুরি করা মালামাল বিশেষ করে স্বর্ণালঙ্কার ঢাকার বিভিন্ন স্বর্ণের দোকানে বিক্রি করেন তারা।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন শহরের বাসা-বাড়িতে ফেরিওয়ালা সেজে তারা মালামাল চুরি করে থাকে।
“যখন কোনো বাসা তালাবদ্ধ থাকে এই সুযোগে তালা ভেঙে ঘরের মূল্যবান মালামাল চুরি করে ওই চোর চক্র।”
“গ্রেপ্তারকৃতরা নগরীতে গত সাত মাসে প্রায় ১৫টি চুরির ঘটনার সঙ্গে জড়িত।”
থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রায় ২২ বছর ধরে সংঘবদ্ধ চোর চক্র বাংলাদেশের বিভিন্ন শহরে প্রায় ২ হাজার চুরির ঘটনা ঘটিয়েছে।
গত ২৪ ফেব্র“য়ারি নগরীর কাপাসগোলা রোডের একটি ভবনের পাঁচ তলায় মো. সৈয়দুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটে। ওই দিন কোতোয়ালী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা হয়।
ওই চুরির ঘটনায় পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এছাড়া কোতোয়ালী থানায় বিভিন্ন সময় চুরির ঘটনায় ছয়টি মামলাসহ নগরীরর একাধিক থানায় ১২ চুরির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৯০০ ঘ.
bdnews24