২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার সময় নাম-ঠিকানাসহ ভোটারদের সব তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার সময় নাম-ঠিকানাসহ ভোটারদের সব তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। শনিবার সাভার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। শনিবার প্রথম ধাপে ৬৪ জেলার প্রতিটির একটি করে উপজেলায় নতুন ভোটারদের তথ্য সংগ্রহ, মৃতদের নাম বাদ দেওয়া, ঠিকানা স্থানান্তর ও নাম সংশোধনের এ কাজ শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। সিইসি কাজী রকিব জানান, প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা করার সময় এবং পরবর্তীতে হালনাগাদের তথ্যসংগ্রহে অমনোযোগিতার কারণে অনেক জাতীয় পরিচয়পত্রে ভুল করা হয়েছে। “সর্বোচ্চ চেষ্টা করবেন যেনো ভুল না হয়। তথ্য সংগ্রহের কাজটি পরিশ্রমের হলেও বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য নেবেন। যাতে নির্বাচন কমিশনের বদনাম না হয়”, মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। এ সময় যথাযথ তথ্য দিতে ভোটারসহ সবার সহযোগিতাও চান তিনি। হালনাগাদ কর্মসূচিতে ৫৭ হাজার ৬০৭ জন তথ্য সংগ্রহকারী, ১১ হাজার ৫২১ জন সুপারভাইজার, ১৬২টি নিবন্ধন দল ও ২৩০ জন কারিগরি বিশেষজ্ঞ কাজ করছে। ছবি তোলাসহ নিবন্ধনের জন্য কেন্দ্র থাকবে ৫ হাজার ১১৫টি। ভোটার তালিকা হালনাগাদে আনুমানিক ৭০ লাখ ভোটার অন্তর্ভুক্ত হতে পারে। ইতোমধ্যে ভোটার রয়েছে ৮ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৩৫৬ জন। কোনো ভোটার যেনো বাদ না পড়ে সে দিকে খেয়াল রাখার নির্দেশ দিয়ে সিইসি জানান, কোনো বাড়িতে যোগ্য কেউ অনুপস্থিত থাকলে নিকটাত্মীয় বা প্রতিবেশি থেকে তথ্য নেওয়া যাবে। তবে পরে সংশ্লিষ্ট ভোটারকে অবশ্যই নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হয়ে পরবর্তীতে তথ্য ফরম পূরণ করতে হবে। যাদের বয়স ২০১৩ সালের জানুয়ারিতে ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম নতুন ভোটার তালিকায় উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, স্থানীয় সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ, ইসি সচিব মোহাম্মদ সাদিক, ঢাকা বিভাগীয় কমিশনার মইনুদ্দিন আবদুল্লাহ, জেলা প্রশাসক মুহিবুল হকসহ ভোটার তালিকা প্রকল্পের ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার পানপাড়া মহল্লায় দুটি বাড়িতে তথ্যসংগ্রহের কার্যক্রম পরিদর্শন করেন সিইসি। প্রথম পর্যায়ের ৬৪ উপজেলায় ১০ মার্চ থেকে ২০ মার্চ ও ৭৬ উপজেলায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তথ্য সংগ্রহ চলবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১৪০টি করে উপজেলায় মে থেকে আগস্টে তথ্য সংগ্রহ করা হবে। অক্টোবরে চতুর্থ পর্যায়ে সংগ্রহ করা হবে ৯২ উপজেলা ও সিটি কর্পোরেশনগুলোর তথ্য। ছিটমহলবাসীদের ভোটার করার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কাজী রকিব। রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের রোধে বিশেষ ফরম দেশের অন্য জেলার মতো শনিবার চট্টগ্রাম জেলার লোহাগাড়া, কক্সবাজারের পেকুয়া, খাগড়াছড়ির লক্ষীছড়ি, রাঙ্গামাটির রাজস্থলী ও বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় তথ্য সংগ্রহ শুরু হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান এসব উপজেলার কাজ শুরু করে দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যোগ্যদের সঠিকভাবে তথ্য সংগ্রহের পাশাপাশি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা যাতে ভোটার হতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ এলাকার ১৩টি উপজেলায় তথ্য সংগ্রহে বিশেষ ফরমও ব্যবহার করা হবে। রোহিঙ্গারা ভোটার হচ্ছে-এমন অভিযোগ তদন্ত করে ২০০৯ সালে হালনাগাদের সময় ভোটার নিবন্ধনের আধ লাখ আবেদন ফরম বাতিল করে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসইউ/১৭৪৫ ঘ.