২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল করে প্রতিবাদ খাগড়াছড়ির ব্যবসায়ীদের

চাঁদা না পেয়ে চালের ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যবসায়ীদের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে খাগড়াছড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 05:23 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

খাগড়াছড়ি মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না পেয়ে চালের ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যবসায়ীদের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে খাগড়াছড়িতে। শনিবার সকাল থেকে দূরপাল্লা কোনো যানবাহন খাগড়াছড়ি ছেড়ে যায়নি। উপজেলাগুলোর মধ্যেও সড়ক যোগাযোগ বন্ধ থাকে। জেলা শহর ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কে চাল বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দেওয়ার পর ব্যবসায়ীরা তাৎক্ষণিক সমাবেশ করে আধাবেলা হরতাল ও সারাদিন সড়ক অবরোধের ঘোষণা দেয়। তবে হরতাল পালন শেষে বেলা ২টায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক চন্দ্র শেখর দাশ বলেন, “সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আধাবেল হরতাল পালন করেছি।” ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল হাসেম বলেন, “প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এ কারণে অবরোধ প্রত্যাহার করে নিয়েছি আমরা।” জেলার পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও গোলোযোগের কোনো খবর পাওয়া যায়নি। আমরা সতর্ক রয়েছি।” তবে ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি বলে জানান তিনি। এদিকে শুক্রবারের ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন ব্যবসায়ীরা। তবে ইউপিডিএফ জেলা ইউনিটের প্রচার ও প্রকাশনা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, চাঁদাবাজী বা ট্রাক পুড়িয়ে দেওয়ার ঘটনায় এ সংগঠনের কেউ জড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৩৫ ঘ.