বরিশাল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশন আয়োজিত ‘মেয়র নাইট’ দেখা হলো না দুই যুবকের।
শুক্রবার রাত ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া অনুষ্ঠানে আসার পথে যাত্রীবাহী বাসচাপায় মারা গেছে তারা।
সাড়ে ৮টায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- নগরীর ৩০ নম্বর ওয়ার্ড গড়িয়ারপাড় এলাকার সোনাই শরীফের ছেলে নাহিদ শরীফ (১৮) এবং একই এলাকার মোহাম্মদ খানের ছেলে রবীন খান (১৭)।
এই ঘটনায় আহত হয়েছে একই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে রাকিব (১৭)।
ওই এলাকার বাসিন্দা মো. নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি টমটমে গড়িয়ারপাড় থেকে তিন যুবক মেয়র নাইট অনুষ্ঠান দেখতে রওনা হয়। টমটমটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিএড কলেজ এলাকায় পৌঁছলে এর চাকা খুলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা বরগুনা থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের বাস টমটমকে চাপা দেয়।
বাসপাচায় ঘটনাস্থলে নাহিদ মারা যান। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রবিনকে মৃত ঘোষণা করেন। রাকিব চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে থাকা নগরীর বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, বাসটি চাপা দিয়ে চলে গেলেও গৌরনদীতে একে আটকানো হয়।
চালক পান্নু হাওলাদারকে (২৮) পুলিশ আটক করেছে। পান্নু বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
রাত ৯টায় হাসপাতালের মর্গে রাখা নাহিদ ও রবিনের মৃতদেহ স্বজনরা ছিনিয়ে নিয়ে যায়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আজাহার আলী খান বলেন, স্বজনরা এসে হল্লাচিল্লা শুরু করে। এক পর্যায়ে তারা মর্গের দরজা ভেঙে লাশ দুটি নিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী জানান, ময়না তদন্ত ছাড়া জোর করেই লাশ দুটি নিয়ে যায় স্বজনরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24