২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাকারীদের গ্রেপ্তার করুন: সৌদি আরব

দূতাবাস কর্মকর্তার হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সৌদি আরব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূতাবাস কর্মকর্তার হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সৌদি আরব। ঢাকায় সৌদি দূতাবাসের এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, “সৌদি আরবের সরকারের পক্ষ থেকে হৃদয় বিদারক এ খবর ঘোষণার পাশাপাশি এই ঘৃণ্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে সৌদি দূতাবাস।” রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল-বুসাইরি স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, “অপরাধীদের চিহ্নিতকরণ, তাদের পরিচয় ঘোষণা এবং এই গুপ্তহত্যার ব্যক্তিগত উদ্দেশ্য উদ্ঘাটনে বাংলাদেশ সরকারের সক্ষমতায় সৌদি আরব সরকারের আস্থা রয়েছে।” ঢাকায় সৌদি দূতাবাসের দ্বিতীয় সচিব খালাফ আল আলী (৪৫) সোমবার গভীর রাতে গুলশানে তার বাসার কাছে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। পুলিশ এখনো এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন বা জড়িত কাউকে আটক করতে পারেনি। সৌদি সরকারের ব্যবস্থাপনায় ভাড়া করা একটি বিমানে খালাফের মৃতদেহ বৃহস্পতিবার রাতে রিয়াদের উদ্দেশ্যে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩২৭ ঘ.