২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম লাইসেন্সের জন্য চূড়ান্ত ৮২ প্রতিষ্ঠান

টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্স দেওয়ার জন্য ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৮২টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্স দেওয়ার জন্য ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৮২টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করার পর এই চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত ফি জমা দেওয়ার পর এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, লাইসেন্স পাওয়ার ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে কাজ শুরু করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি লাইসেন্স নিতে না চায়, তবে তাদের জামানতের টাকা ফেরৎ দেওয়া হবে বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান। টেলিযোগাযোগ খাতে ৮৫টি লাইসেন্সের বিরোধিতা ছিল বিটিআরসির। তাদের পাশাপাশি অপারেটররাও বলছিল, এই পরিমাণ লাইসেন্স দেওয়া হলে টেলিকম খাতে বাজার ভারসাম্য নষ্ট হবে। তবে এই আপত্তি নাকচ করে মন্ত্রণালয়। গত ৯ ফেব্রুয়ারি শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়ার জন্য ৮৫টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে বিটিআরসিতে তালিকা পাঠায় মন্ত্রণালয়। এরপর বিটিআরসি তা পুনর্বিবেচনার আবেদন করলেও তা গৃহীত হয়নি। ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য প্রাথমিকভাবে ২১টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হলেও আরো একটি প্রতিষ্ঠানকে যোগ করে ২২টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। মন্ত্রণালয় থেকে আরো একটি প্রতিষ্ঠানের নাম আসায় চিঠি দেওয়া হয় বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বিটিআরসি। লাইসেন্স নীতিমালা অনুযায়ী, আইজিডব্লিউ লাইসেন্সের জন্য ১৫কোটি টাকা, আইসিএক্স লাইসেন্সের জন্য ৫ কোটি টাকা এবং আইআইজি লাইসেন্স পেতে ৫ লাখ টাকা দিতে হবে। আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি লাইসেন্স পেতে গত ৮ ডিসেম্বর ১৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে। এই প্রতিষ্ঠানগুলোর রেটিং করে ফেব্রুয়ারির শুরুতেই মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয় বিটিআরসি। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠান আইসিএক্স, আইজিডব্লিউ ও আইআইজি লাইসেন্স নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর আরো কয়েকটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। আইসিএক্স হলো বিভিন্ন ভয়েস অপারেটরের মধ্যে আন্তঃসংযোগের ব্যবস্থা। বর্তমানে সব ভয়েস অপারেটর তিনটি আইসিএক্সের (বিটিসিএল, গেটকো ও এমঅ্যান্ডএইচ) সঙ্গে যুক্ত। আইসিএক্সগুলো আন্তর্জাতিক কলগুলো আদান-প্রদানের জন্যে আইজিডব্লিউর সঙ্গে সংযুক্ত থাকে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক আইজিডব্লিউ সেবা দেয়। বর্তমানে আইআইজি সেবা দিচ্ছে ম্যাংগো এবং সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে ব্যান্ড উইডথ বিক্রি করা এ সার্ভিসের মূল কাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩২২ ঘ.