২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানকর্মীদের অনেক দাবিই যৌক্তিক: ফারুক খান

আগামী ১৫ মার্চের মধ্যে বিমানের পরিচালনা পর্যদ ভেঙে দিতে শ্রমিক লীগ ও পাইলটদের যে দাবি তা ‘গণতান্ত্রিক অধিকার’ বলে মনে করেন বিমানমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ মার্চের মধ্যে বিমানের পরিচালনা পর্যদ ভেঙে দিতে শ্রমিক লীগ ও পাইলটদের যে দাবি তা ‘গণতান্ত্রিক অধিকার’ বলে মনে করেন বিমানমন্ত্রী ফারুক খান। এছাড়া তাদের অনেক দাবি ‘যৌক্তিক’ বলেও মনে করেন তিনি। শ্রমিক লীগ ও পাইলট অ্যাসোসিয়েশনের ২৮ দফা দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বিমানবন্দর এলাকায় বৃহস্পতিবার সকালে বিমানকর্মীরা মানববন্ধন করেন। সেখানে বিমান পরিচালনা বোর্ড ভেঙে দিতে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়। মন্ত্রী সাংবাদিকদের বলেন, “২৮ দফা দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এসব দাবির অনেকগুলোই যৌক্তিক। তাই বিমান পরিচালনা পর্ষদ তাদের এসব দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেবে বলেই মনে করি।” আন্দোলনে যুক্ত কর্মীরা ‘ডিউটিতে’ নেই এমন সময়ে মানববন্ধনে অংশ নিয়েছেন উল্লেখ করে ফারুক খান বলেন, “আমি আশা করবো, শুধু ডিউটিতে নেই, এমন কর্মীরাই এ গণতান্ত্রিক কর্মসূচি মানববন্ধনে অংশ নিয়েছেন। কেউ ‘কর্তব্য’ পালন না করে এখানে অংশ নিয়েছেন বলে আমি মনে করি না।” বর্তমান বিমান পরিচালনা বোর্ডকে বিমানকর্মীদের পক্ষ থেকে ‘অকার্যকর’ বলে করা দাবি সমর্থন না করে মন্ত্রী বলেন, “বিমান বোর্ড অনেক ক্ষেত্রেই ভালো করার চেষ্টা করেছে। তাদের কাজ বেশিরভাগই ‘কারিগরি’।” “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য বিশ্বের অনেক দেশের বিমান সংস্থাই বর্তমানে অসুবিধায় রয়েছে। তারপরও বিমানকে আরো ভালোভাবে চালানো যায়।” বিমান বোর্ডের সঙ্গে বিমানকর্মীদের দূরত্ব কমাতে সরকারের পক্ষ থেকে সমঝোতার উদ্যোগ নেওয়া হবে কি না- এর জবাবে তিনি বলেন, প্রয়োজনে সরকার বিমানকে এক্ষেত্রে সহযোগিতা করবে। “কোনোভাবেই বিমান ক্ষতিগ্রস্ত না হয়, আন্দোলনকারীরা সেটা দেখবেন বলেই মনে করি।” মন্ত্রীর নেতৃত্বে বিমান বোর্ড পুনর্গঠনের জন্য আইন সংশোধনের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন ফারুক খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৫৪ ঘ.