বরগুনা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি শেষে জলদস্যুরা দুটি ট্রলারসহ বরগুনার ৮ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে জেলেরা পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসে অপহরণ থেকে রক্ষা পাওয়া জেলেরা এ কথা জানিয়েছেন। ডাকাতদের হামলায় গুরুতর আহত তিন জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে ৩০-৪০ জনের ডাকাতদল ২০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে। এ সময় অর্ধ কোটি টাকার মালামাল ও আট জেলেকে দুটি নৌকায় ভরে নিয়ে যায় তারা।
অপহৃতদের মধ্যে আবদুর রহিম, কালু, জসিম, নাইম এই চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের সবার বাড়ি বরগুনায়। অন্য চারজনের পরিচয় পাওয়া যায়নি।
পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট হারুন অর রশিদ জানান, ট্রলার ডাকাতির ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৪০ ঘ.
bdnews24