২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন-ভটভটি সংঘর্ষ, একই পরিবারের ৬ জন নিহত

নাটোরে ট্রেনের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত যান ভটভটি চুরমার হয়ে একই পরিবারের ছয় জন নিহত হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

নাটোর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ট্রেনের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত যান ভটভটি চুরমার হয়ে একই পরিবারের ছয় জন নিহত হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাসুদেবপুর রেলস্টেশন সংলগ্ন বামনগ্রাম লেবেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে শান্তাহার থানার ওসি সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, দিনাজপুরগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় ভটভটিটি প্রায় ১০০ গজ দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সুলতান হোসেন (৪৫), তার মা সুরজান বেওয়া (৭০), বোন কুলসুম বেগম (২৫), ভাস্তে সজিব (৭) ও ভাস্তি লাবনি খাতুন (২) মারা যায়। এ ছাড়া নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে সুলতানের ভাইয়ের স্ত্রী লাবলী বেগম (৩৫) মারা যান। হতাহতদের সবার বাড়ি নাটোর সদর উপজেলার খাজুরা গ্রামে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন ভটভটির চালক নওশাদ হোসেন বলেন, “যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। তারা পারিবারিক বিয়ের অনুষ্ঠান শেষ করে আমার ভটভটিতে বাড়ি ফিরছিলেন। রেল লাইনে ওঠার পর আচমকা ট্রেনটি এসে আমার ভটভটিকে ধাক্কা দেয়। এরপর কি হয়েছে, কিছুই বলতে পারবো না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯০৪ ঘ.