২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২৫০ বস্তা চিনিসহ ১৬ জন আটক

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি জাহাজ থেকে আড়াইশ’ বস্তা চিনি উদ্ধার করেছে কোস্টগার্ড। চিনি পাচারের অভিযোগে জাহাজের কর্মী ও দুই চোরাকারবারিসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 09:55 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

চাঁদপুর, মার্চ ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি জাহাজ থেকে আড়াইশ’ বস্তা চিনি উদ্ধার করেছে কোস্টগার্ড। চিনি পাচারের অভিযোগে জাহাজের কর্মী ও দুই চোরাকারবারিসহ ১৬ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইমচর উপজেলার কাটাখালী এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক দুজন চোরাকারবারি বলে কোস্টগার্ডের দাবি। তারা হলেন- মোতালেব (৫০) ও জালাল সরদার (৪৮)। এছাড়াও আটক করা হয় জাহাজের মাস্টার মিজানুর রহমান (৩৫), লস্কর রবিন বিশ্বাস (২৪), বাবুর্চি হাফিজ (৩৮), লস্কর ইসমাইল (২৪), লস্কর নেছার উদ্দিন (২৭), জাহাঙ্গীর খান (২৮), জাহাঙ্গীর আলম (৩০), হুমায়ুন কবির (২৩), জলিল (২২), মাহমুদুর রহমান শিমুল (২৭), রায়হান (২৩), রাসেল (২১) মাহমুদুল হাসান (২৬) ও আব্দুল জলিলকে (২৫)। লেফটেন্যান্ট জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মা-বাবার দোয়া-৭’ নামের একটি জাহাজ ‘আব্দুল মুনায়েম সুগার রিফায়িরিং লিমিটেড’র সাড়ে ১২ মেট্রিকটন অপরিশোধিত চিনি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। “পথে বরিশালের কালীগঞ্জে এলাকায় জাহাজটি থামিয়ে ২৫০ বস্তা চিনি চুরি করে বিক্রি করে দেয় এর কর্মচারীরা। এ খবর পেয়ে অভিযান চালিয়ে জাহাজ থেকে চুরি করে বলগেটে উঠানো ২৫০ বস্তা চিনি উদ্ধার করে কোস্টগার্ড।” তিনি জানান, পরে জাহাজের মাস্টারসহ ১৪ জন কর্মী ও দুই চোরাকারবারিকে চাঁদপুরের কাটাখালী এলাকায় মেঘনা নদী থেকে আটক করা হয়। মালবাহী জাহাজটি বর্তমানে শহরের মাদ্রাসা ঘাট এলাকায় এবং উদ্ধারকৃত ২৫০ বস্তা চিনিসহ বলগেটটি শহরের ডাকাতিয়া নদী তীরে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৫৫১ ঘ.