কক্সবাজার, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে পাহাড় ধসে এক পানবরজ মালিক মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের দরগাহর সিঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত মোহাম্মদ ইদ্রিস (৩৫) কালারমারছড়া ইউনিয়নের পূর্ব আঁধার ঘোনা এলাকা সিরাজ মিয়ার ছেলে।
মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানবরজে মাটি ভরাটের জন্য পাহাড়ের ঢাল থেকে মাটি কাটা হচ্ছিল। তখন পাহাড়ের মাটি ধসে তাদের চাপা দেয়।
মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ইদ্রিস মারা যান। আহত শ্রমিক আবদুস শুক্কুর (৪), আবু শামা (২৮), মোহাম্মদ আলী (৩০), মোহাম্মদ রুবেল (২২) ও এজাহার মিয়াকে (১৭) উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কালারমারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রশিদ জানান, ইদ্রিসকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়–য়া জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫৪৫ ঘ.
bdnews24