মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম)- সব কিছু ঠিক থাকলে দেশের ৬৪টি জেলায় একটি করে উপজেলার তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শনিবার শুরু হচ্ছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। পুরো কাজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা, যা গতবারের চেয়ে প্রায় তিনগুণ।
শুরুতে প্রতি জেলার অন্তত দুই উপজেলায় হালনাগাদ কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় একটি করে উপজেলা বাদ দেওয়া হচ্ছে।
ভোটার তালিকা প্রকল্প ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালনাগাদ কার্যক্রমের লক্ষ্যে ইতোমধ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ এবং প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে মাঠ পর্যায়ে পৌঁছে যাবে নিবন্ধন ফরম।
তবে এখন পর্যন্ত দেশের কোথাও এ বিষয়ে প্রচার শুরু হয়নি বলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন।
ভোটার তালিকা কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা পিইআরপি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ মার্চ থেকে হালনাগাদ কাজ শুরুর জন্য সব প্রস্তুতি চূড়ান্ত। তবে কিছু ঝামেলার কারণে কয়েকদিন এদিক-সেদিক হতে পারে। প্রথম ধাপে ৬৪ জেলার ৬৪টি উপজেলায় কাজ শুরু হবে। পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে।”
আগামী বছরের এপ্রিলের মধ্যে চার ধাপে দেশের সব উপজেলা ও সিটি কর্পোরেশনে হালনাগাদ কাজ শেষ করার কথা রয়েছে।
প্রকল্প পরিচালক জানান, হালনাগাদ কাজে এবার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি টাকা। প্রতিটি ফরম পূরণ করার জন্যে তথ্য সংগ্রহারীকে দেওয়ার হবে ২০ টাকা করে। সুপারভাইজাররা পাবেন এর এক চতুর্থাংশ।
এবার ভোটার তালিকা হালনাগাদ হবে, নাকি সংশোধন- তা নিয়েও কমিশনে রয়েছে ভিন্নমত। আইন অনুযায়ী প্রতি বছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে তালিকা হালনাগাদ করার কথা থাকলেও সর্বশেষ হালনাগাদ হয় ২০০৯ সালে।
নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় এ কাজকে ভোটার তালিকা সংশোধন কার্যক্রম বলার পক্ষে মত দিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। ১০ মার্চ কাজ শুরু করা যাবে কি-না তা নিয়েও তিনি প্রকাশ করেছেন।
তবে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলছেন, এবার ভোটার তালিকা হালনাগাদই হচ্ছে। ১০ মার্চ নির্ধারিত দিনেই হালনাগাদ শুরু হবে বলেও আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন জানিয়েছেন, ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বা তার বেশি হবে, এবার তাদের নামও তালিকায় আসবে। দশম সংসদ নির্বাচন সামনে রেখে একসঙ্গে তিন বছরের (২০১১, ২০১২ ও ২০১৩) তথ্য সংগ্রহ হবে এবার।
“সময় মতো হালনাগাদ না হওয়ায় এবার আগের চেয়ে তিনগুণ লোকবল ও শ্রম দিতে হবে”, বলেন তিনি।
এদিকে মাঠ পর্যায়ের একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার পর্যন্ত তারা ভোটার তালিকা হালনাগাদের জন্য কোনো নিবন্ধন ফরম পাননি। এ বিষয়ে প্রচারও শুরু হয়নি।
অবশ্য জেলায় জেলায় পাঠানো কমিশনের এক চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের মধ্যে ফরম পৌঁছে যাবে।
ইসি কর্মকর্তারারা জানান, এবার হালনাগাদে ৭৫ লাখের বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে বলে তাদের ধারণা। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে করা ভোটার তালিকায় নাম ছিল আট কোটি দশ লাখ ৫৮ হাজার ৬৯৮ জনের। ২০০৯ সালের হালনাগাদে ভোটার বেড়ে আট কোটি ৫৭ লাখ ৭৪৭ জনে দাঁড়ায়।
দশম সংসদ নির্বাচনের সময় ভোটার সংখ্যা নয় কোটিরও বেশি হতে পারে বলে কমিশন কর্মকর্তাদের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১১৩৫ ঘ.
bdnews24