২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার বাজার ঠিক রাখতে পদক্ষেপ

ভারত তুলা রপ্তানি নিষিদ্ধ করায় দেশে সুতার দাম যাতে বেড়ে না যায়, সেজন্য পদক্ষেপ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে ট্যারিফ কমিশনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত তুলা রপ্তানি নিষিদ্ধ করায় দেশে সুতার দাম যাতে বেড়ে না যায়, সেজন্য পদক্ষেপ নিতে দায়িত্ব দেওয়া হয়েছে ট্যারিফ কমিশনকে। এর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএকেও সক্রিয় থাকতে বলা হয়েছে। ভারত তুলা রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দেওয়ার দুই দিন পর বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই পদক্ষেপ নেওয়া হয়ে। বৈঠকের সভাপতি বাণিজ্য সচিব গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী যাতে অবৈধ ও অসৎ উপায়ে সুতার মূল্য না বাড়িয়ে দেয় সেজন্য ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে এই বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেন। গত সোমবার ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুলা রপ্তানি নিষিদ্ধ থাকবে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ। দেশটির রপ্তানি করা তুলার প্রায় ৮০ শতাংশই যায় চীনে। স্থানীয় কারখানাগুলোতে তুলার সরবরাহ নিশ্চিত করতেই রপ্তানি বন্ধ করেছে ভারত। বাণিজ্য সচিব বলেন, ভারত বাংলাদেশে তুলা রপ্তানি বন্ধ করে দেওয়ায় লিখিত প্রতিবাদ করা হয়েছে। একইসঙ্গে এখন পর্যন্ত তুলা আমদানির জন্য খোলা ঋণপত্র ও চুক্তির তুলা সরবরাহে বাধার সৃষ্টি না করতেও ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসকে এজন্য সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্টদের (স্টেক হোল্ডার) সঙ্গে আলোচনা না করে ভারতের বারবার এ ধরনের নিষেধাজ্ঞা পোশাক শিল্পের জন্য হুমকি। আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিৎ। কিন্তু তারা তা করেনি। সচিব বলেন, “এই বছর দেশে তুলার উৎপাদন অন্য সময়ের তুলনায় বেশি। তাই এবার দেশে তুলা ও সুতার দাম অনেক কম। তাই ভারতের তুলা রপ্তানি বন্ধে আমাদের তেমন সমস্যা হবে না। তারপরও কোনো অসুবিধায় যেন না পড়ি, সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।” এছাড়াও বিকল্প ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান থেকে তুলা আমদানির চেষ্টা করা হবে বলে তিনি জানান। এজন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী মাসে ওই সব দেশ সফর করবেন। এর আগেই আগামী ১৯ মার্চ বাণিজ্য সচিব গোলাম হোসেন যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি যুক্তরাষ্ট্রের সুতা ও তুলা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ২৮ ও ২৯ মার্চ ভারতে যৌথ-বাণিজ্য কমিশনের (জেটিসি) সচিব পর্যায়ের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হবে বলে সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমআই/১৮০৫ ঘ.