ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুটা যারা করেছিলেন, তারা ছিলেন নিউ ইয়র্কের পোশাক কারখানার কর্মী। দৈনিক কাজের সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ এবং ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হওয়ার কারণে কারাগারেও যেতে হয়েছিল তাদের।
১৮৫৭ সালের ৮ মার্চ মার্কিন নারীরা নিজেদের অধিকার আদায়ে উঠে দাঁড়ানোর পর ১৯১০ সালে জার্মানির নারী নেত্রী ক্লারা জেটকিন এ দিনটিকে স্মরণীয় করে রাখার ডাক দেন। তারপরও পেরিয়েছে একশ বছর। বৃহস্পতিবার সারা বিশ্ব পালন করছে আন্তর্জাতিক নারী দিবস।
জাতিসংঘ এবারের নারী দিবসের প্রতিপাদ্য ঠিক করেছে- ‘গ্রামীণ নারীর ক্ষমতায়নে ঘোঁচাও ক্ষুধা, দারিদ্র্য’। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, “সৃষ্টির সূচনালগ্ন থেকে সকল উন্নয়নের অংশীদার হিসাবে পুরুষের পাশাপাশি নারীদের অসামান্য অবদান রয়েছে। মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ সমাজ ও জাতি গঠনে নারীসমাজ কার্যকর ভূমিকা রেখে চলেছে।
“আমি জেনে খুশি হয়েছি যে, বর্তমান সরকার নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূরীকরণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। আমি আশা করি, এসব পদক্ষেপ নারী সমাজের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নারী জাগরণের অগ্রদূতদের, যাদের আত্মত্যাগ ও নিষ্ঠার ফলে নারীর সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম আজ অনেক দূর অগ্রসর হয়েছে।”
বৃহস্পতিবার প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শুরু হয় এবারের নারী দিবসের উদযাপন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এ কর্মসূচির আয়োজন করে।
নারী দিবসকে স্বাগত জানানোর আগে শহীদ মিনারে চলে নারী জাগরণের গান ও বিশিষ্টজনের বক্তব্য।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও নারী অধিকার সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১০২৬ ঘ.
bdnews24