২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দলপুরের গ্যাস আগামী সপ্তাহেই গ্রিডে

নোয়াখালীর এই গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের আশা করছে বাপেক্স। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুন্দলপুর ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এ ক্ষেত্রের একটি কূপ থেকে আগামী সপ্তাহে দৈনিক ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা যাবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালীতে নতুন এই গ্যাসক্ষেত্র পাওয়া গেছে। পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলনের ছয় মাস পর আমরা আগামী সপ্তাহ থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করতে যাচ্ছি। এটি একটি বড় অর্জন।” দেশে বর্তমানে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২০০ কোটি ঘনফুট উৎপাদন হচ্ছে। সেই হিসেবে ৫০ কোটি ঘনফুট ঘাটতি থাকছে। গত বছরের ২১ ডিসেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামে সাড়ে তিন একর জমিতে নতুন এ ক্ষেত্রে অনুসন্ধান কূপ খনন শুরু হয়। এর আট মাস পর ১৭ অগাস্ট শুরু হয় পরীক্ষামূলক গ্যাস উত্তোলন। এ ক্ষেত্রে ভূ-পৃষ্ঠের ১ হাজার ৪০০ মিটার নিচে গ্যাস পেয়েছে বাপেক্ষ। এর আগে দেশে এতো কম গভীরতায় আর কোথাও উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যায়নি। হবিগঞ্জ ক্ষেত্রে গ্যাস পাওয়াস গেছে ভূ-পৃষ্ঠের ১ হাজার ৫০০ মিটার নিচে। সুন্দলপুর নিয়ে দেশে এখন মোট গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৪টি। এই ক্ষেত্রের কূপ থেকে সরবরাহ শুরু হলে চালু কূপের সংখ্যা দাঁড়াবে ৮২টি। ‘সুন্দলপুর তেল, গ্যাস অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পের পরিচালক আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুন্দলপুর গ্যাস ক্ষেত্রে আনুমানিক ৫০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে। কূপটি একটি চ্যানেলের মধ্যে পড়েছে। এখানে আরেকটি কূপ খননের পরিকল্পনা রয়েছে আমাদের।” সুন্দলপুরসহ এ পর্যন্ত মোট তিনটি ক্ষেত্রে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সহযোগী প্রতিষ্ঠান বাপেক্স। ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম এবং ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় গ্যাস পায় প্রতিষ্ঠানটি। এছাড়া ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে গ্যাস পাওয়ার ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানে গ্যাস মেলেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১০৫০ ঘ.