২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা জজ মান্নান নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক

ঝিনাইদহের জেলা ও দায়রা জজ খান মো. আবদুল মান্নানকে ঢাকার নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের জেলা ও দায়রা জজ খান মো. আবদুল মান্নানকে ঢাকার নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এ নিয়োগ দেয়। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আইজিআর পদে কর্মরত মোহাম্মদ মুছা স¤প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। এছাড়াও জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতিসহ বদলি করা হয়। এর মধ্যে তিন জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জেলা জজ এবং দুইজন যুগ্ম-জেলা জজকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা জজ পদে পদায়ন করা হয়েছে। জেলা জজ পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বরগুনার অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ ফখরুদ্দিনকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ); ঢাকার অতিরিক্ত জেলা জজ বোরহান উদ্দিন আহমেদকে ঢাকার বিশেষ জজ আদালত-১’র বিশেষ জজ এবং নেত্রকোনার মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) ফেরদৌস আহমেদকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে টাঙ্গাইলের যুগ্ম-জেলা জজ আজিজ আহমেদ ভূঁঞাকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং কুমিল্লার যুগ্ম-জেলা জজ মুন্সী রফিউল আলমকে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) ইমান আলী শেখকে পদোন্নতি দিয়ে নরসিংদীর যুগ্ম-জেলা জজ পদে পদায়ন এবং ঢাকার যুগ্ম-জেলা জজ মহিউদ্দিন খানকে ঠাকুরগাঁওয়ের যুগ্ম-জেলা জজ পদে বদলি করা হয়েছে। বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম খাদেম-উল-কায়েসকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকার সচিব (যুগ্ম-জেলা জজ) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৩৫ ঘ.