চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আগ্রাবাদ থেকে দুর্নীতি দমন কমিশনের এক ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আগ্রাবাদের সরকারি ভবন-২ এর নিচ থেকে রফিক আহমেদ (৫৩) নামে ওই ব্যক্তিকে এক কর পরিদর্শককে ভয়-ভীতি দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
রফিকের বাড়ি বাঁশখালীতে। তিনি নিজেকে কমিশনের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক ‘মোশাররফ হোসেন’ পরিচয় দিয়ে কর পরিদর্শক ইশতিয়াকুল হকের সঙ্গে দেখা করে ভয়-ভীতি দেখিয়ে আসছিলেন।
রফিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর ফয়সাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদে কর্মরত কর পরিদর্শক ইশতিয়াককে দুদক কর্মকর্তা মোশাররফ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।
তিনি জানান, রফিক কর-পরিদর্শক ইশতিয়াকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ আছে মর্মে মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শন করে তার সঙ্গে দেখা করতে বলেন।
ইশতিয়াক বিষয়টি দুদক কর্মকর্তাদের অবহিত করেন।
মেজর ফয়সাল পাশা জানান, ওই মোবাইল ফোন নম্বরের সঙ্গে কর্মকর্তা মোশারফের নম্বরের মিল না থাকায় কৌশলে তাকে আগ্রাবাদে সরকারি ভবন-২-এর নিচে ডেকে এনে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।
এতে ভয়ভীতি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে বলে বিডিনিউজ টোন্টেফোর ডটকমকে জানান থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২২৩০ ঘ.
bdnews24