ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ বর্তমানে চাল উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ বলে জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সাংসদ সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, “দেশে উৎপাদিত চাল দিয়ে সম্পূর্ণ চাহিদা মেটানো সম্ভব।”
“তবে, দেশের আবহাওয়া গম উৎপাদনের উপযোগী না হওয়ায় দেশে উৎপাদিত গম দিয়ে মোট চাহিদার শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ পূরণ করা সম্ভব।”
অন্যদিকে, নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, “বর্তমানে খাদ্যশস্যের চাহিদার ক্ষেত্রে বাংলাদেশ নিট আমদানিকারক দেশ। প্রতি বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে ৩৫ থেকে ৪০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়।”
একই প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী জানান, গত অর্থ বছরে দু’ধরণের চাল আমদানি করা হয়। এর মধ্যে ৩৮ টাকা ৮৮ পয়সা কেজি দরে আট লাখ চার হাজার ৭৩ মেট্রিক টন সিদ্ধ এবং ৩৩ টাকা ২০ পয়সা কেজি দরে চার লাখ ৯১ হাজার ৯২৮ মেট্রিক টন আতপ চাল।
আব্দুর রাজ্জাক জানান, স্থানীয় বাজারে মোটা চাল ২৬ থেকে ২৭ টাকা, মাঝারি চাল ৩২ থেকে ৩৫ টাকা এবং চিকন চাল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
কুমিল্লা-১ আসনের সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে সারাদেশে ৯২ লাখ ৯৪ হাজার ৬১৪টি ফেয়ার প্রাইস কার্ডের মধ্যে ৭৪ লাখ ৯১ হাজার ৫৫৫টি কার্ড বিতরণ করা হয়। আর সুলভ মূল্য কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৬২ হাজার ৯৯ মেট্রিক টন চাল ও দুই হাজার ৯৬ মেট্রিক টন গম বিতরণ করা হয়।
এছাড়া স্বল্প ও সীমিত আয়ের লোকদের বেশি করে খাদ্য সহায়তা দিতে এ কার্যক্রমে আরো ১৮ লাখ তিন হাজার ৫৯টি কার্ড বিতরণের পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে চলতি অর্থ বছরে এ পর্যন্ত সরকার চালে ৭২ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৮০৫ টাকা এবং গমে এক কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ১৫২ টাকা ভর্তুকি দিয়েছে বলে জানান খাদ্য মন্ত্রী।
সংরক্ষিত নারী আসনের সাংসদ তারানা হালিমের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক জানান, আইলা দুর্গতদের পুনর্বাসন প্রকল্পের কাজ চলতি মাসেই শেষ হচ্ছে। আইলায় ক্ষতিগ্রস্ত ছয় হাজার ১৮০টি পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হচ্ছে।
ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক লাখ ৯৩ হাজার ৯১৬ মেট্রিক টন চাল ওএসএম’র আওতায় বিক্রি করা হয়েছে। তাছাড়া চলতি অর্থ বছরে সারাদেশে এ পর্যন্ত ৭০ লাখ ২৮ হাজার ১৪০টি পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সাংসদ সুলতানা বুলবুলের এক প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক জানান, ঢাকা মহানগরের ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনগুলো চিহ্নিত করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় আন্ত-মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করেছে। ইতিমধ্যে, রাজউক ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ঢাকা সিটি কর্পোরেশনে তালিকা পাঠানো হয়েছে।
চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আকদুর রাজ্জাক জানান, বাংলাদেশে সাড়ে আট মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চট্টগ্রামে সাড়ে আট মাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রায় লক্ষাধিক ভবন ক্ষতিগ্রস্ত হবে।
ভূমিকম্পের ব্যাপারে সরকার সচেতন এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য বহুমাত্রিক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১২২ ঘ.
bdnews24