ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীমা নিয়ন্ত্রক সংস্থা এজেন্টদের কমিশনের হার ঠিক না করা পর্যন্ত সাধারণ বীমার এজেন্টদের কোনো কমিশন দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবীর হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, “বীমা আইন অনুযায়ী কোনো কমিশনের হার নির্ধারণ করেনি। তাই এর বাস্তবায়ন দুরূহ হয়ে পড়েছে।
“এ পরিস্থিতিতে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি ও সব নন-লাইফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের এক যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, কোনো কোম্পানি নন-লাইফ বীমা ব্যবসায় কোনো কমিশন দেবে না।”
এতে সাধারণ বীমাগুলোর প্রিমিয়াম সংগ্রহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাওয়া হলে অ্যাসোসিয়েশেন সভাপতি বলেন, “যাদের বীমা করার দরকার হবে তারা করবে। আর এজেন্টদের কমিশন হিসেবে আমরা যে অর্থ দেই, সে অর্থ বীমা খাতের উন্নয়নে ব্যবহার করা হবে।”
“প্রয়োজনে এজেন্টরা এখন থেকে মাসিক ভিত্তিতে চাকরি করবে,” বলেন তিনি।
এতদিন সাধারণ বীমার প্রিমিয়াম সংগ্রহ করা এজেন্টদের কমিশন নগদ পদ্ধতিতে পরিশোধ করত বীমা কোম্পানিগুলো।
এ পদ্ধতিতে পরিবর্তন এনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গত ১৫ জানুয়ারি এক নির্দেশনা জারি করে বলে, এক মার্চ থেকে সাধারণ বীমার সব এজেন্টদের কমিশন দিতে হবে শুধু অ্যাকাউন্টে শোধযোগ্য চেকের মাধ্যমে।
সাধারণ বীমার প্রিমিয়াম সংগ্রহে এজেন্টদের কমিশন নিয়ে ‘অসাধু চর্চা’ বন্ধে আইডিআরএ ওই নির্দেশনা জারি করে।
বীমা সংশ্লিষ্টরা বলছেন, কমিশনের টাকা চেকের মাধ্যমে দিলে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তার সঠিক হিসাব রাখতে পারবে। এর ফলে বেসরকারি খাতের ৪৩টি সাধারণ বীমার এজেন্ট কমিশন নিয়ে স্বচ্ছতাও বাড়বে।
এদিকে বীমা আইন-২০১০-এর একটি ধারার সমালোচনা করে তা পরিবর্তনের সুপারিশ করেন কবীর হোসেন।
বীমা আইনের ৭৫ ধারা অনুযায়ী, একই ব্যক্তি একইসঙ্গে ব্যাংক ও বীমা কোম্পানির পরিচালক পদে থাকতে পারবেন না। এ নিয়ম মেনে ইতোমধ্যে অনেক বেশ কয়েকজন বীমা পরিচালক পদত্যাগ করেছেন।
কবীর হোসেন বলেন, “পোশাক বা অন্য খাতের ব্যবসায়ীদের জন্য এ ধরণের নিয়ম প্রযোজ্য না হলে শুধুমাত্র বীমার ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য হবে। এর ফলে বীমা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। এ ধারাটি প্রত্যাহার করতে বলেছি আমরা।”
পুঁজিবাজারে বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানোর জন্য এর আগে দেওয়া তিনটি প্রস্তাব বাস্তবায়নের জন্য অনুরোধ করেন তিনি।
এ তিনটি প্রস্তাব হলো- সব আইপিওর ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোর জন্য ১০ শতাংশ সংরক্ষিত রাখা, বীমা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মার্চেন্ট ব্যাংক স্থাপনের অনুমতি দেওয়া এবং বীমা কোম্পানিগুলোকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া।
কবীর হোসেন বলেন, “এ তিনটি প্রস্তাবের বিষয়ে এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। তারপরও শেয়ার বাজারে আমরা কিছু কিছু অর্থ বিনিয়োগ করে যাচ্ছি।”
জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানগুলোর কাছে শেয়ারবাজারে বিনিয়োগের উপযোগী ১৯ হাজার কোটি টাকারও বেশি রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯২৫ ঘ.
bdnews24