নারায়ণগঞ্জ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আশা করছেন, এই ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্কে প্রভাব ফেলবে না।
দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনাটি সরকার গুরুত্বে সঙ্গে নিয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১২টার দিকে গুলশানে নিজের বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ। পরে হাসপাতালে এই সৌদি নাগরিকের মৃত্যু হয়।
দূতাবাস কর্মকর্তা হত্যাকাণ্ডের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, “আমাদের দেশে এই ধরনের একটি ঘটনা অপ্রত্যাশিত, অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “সৌদি সরকারের আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। এ ঘটনায় তাদের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো অবনতি ঘটবে না।”
প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশির বাস মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ফলে দেশটির সঙ্গে সম্পর্ক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
এদিকে সৌদি দূতাবাসের কর্মকর্তা নিহতের ঘটনায় শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, খুনিদের বিচারের আওতায় আনতে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলছে মন্ত্রণালয়।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিমেক্স বাংলাদেশ লিমিটেড নামে সিমেন্ট কারখানার নবনির্মিত নদী বন্দরে নতুন ফ্লাই অ্যাশ আনলোডিং সিস্টেম উদ্বোধন করতে গিয়ে দূতাবাস কর্মকর্তা নিহত হওয়ার বিষয়ে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট অবসানেও কাজ করে যাচ্ছে।
আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট পুরোপুরি কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএসজেড/এমআই/১৮৩১ ঘ.
bdnews24