ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন, ঢাকায় চারদলের মহাসমাবেশকে কেন্দ্র করে ‘সন্ত্রাসী গোষ্ঠী ও হিযবুত তাহরীর’ মাথাচারা দিয়ে উঠতে পারে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।
ওইদিন জনগণকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার আহ্বান জানিয়ে মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যেহেতু বিরোধীদলের নেতাকর্মীরা নাশকতা ও সরকারের পতন ঘটানোর হুমকি দিচ্ছে- তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের ডাক দিয়েছে চারদলীয় জোট। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার নানাভাবে তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
তবে দিনটি সামনে রেখে সন্ত্রাসী গোষ্ঠী ও হিযবুত তাহরীর ‘মাথাচারা’ দিয়ে উঠতে পারে- সরকারের কাছে এমন তথ্য থাকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত একত্র হয়ে এ হুমকি দিচ্ছে।”
মহাসমাবেশ সামনে রেখে ‘সন্ত্রাসীরা’ যাতে কারো বাড়িতে অবস্থান নিতে না পারে, সেজন্য প্রতিমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি নাশকতা ঠেকাতে ১২ মার্চ ভ্রাম্যমাণ আদালত মোতায়েনসহ সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
তিনি বলেন, “অফিস-আদালতে পৌঁছানোর সময় সবাইকে চোখ সামনের দিকে রাখতে হবে।”
এক প্রশ্নের জবাবে শামসুল হক টুকু বলেন, “বিরোধী দলের এ কর্মসূচিতে সরকার ভীত নয়, তবে যেহেতু তারা হুমকি দিচ্ছে, তাই সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গণতন্ত্র ধ্বংস না করে সুষ্ঠুভাবে কর্মসূচি পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি বলেই তারা মার্চ মাসে এ কর্মসূচি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24