চাঁদপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহর থেকে এক ট্রাক জাটকা আটক করা হয়েছে।
সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেয়ারম্যানঘাট থেকে ট্রাকটি আটক করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, ট্রাকটি শহরের বড়স্টেশন এলাকার মাছঘাট থেকে জাটকা নিয়ে জেলার বাইরে যাচ্ছিল। এই ঘটনায় কেউ আটক হয়নি। ট্রাকটি যখন আটক করা হয় তখন এর চালকসহ অন্যরা পালিয়ে যায়।
জাটকাভর্তি ট্রাকটি সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এতে ৭০ থেকে ৮০ মণ জাটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এগুলো মঙ্গলবার সকালে নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।
ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু’মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৪ ঘ.
bdnews24