রাজশাহী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাতিজাকে মারার প্রতিবাদ করায় রাজশাহীতে এক যুবক বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরে পবা উপজেলার তেবাড়িয়া গ্রামে নিহত শাহেদ আলী (৩০) ওই এলাকার আব্বাস আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পবা থানার ওসি আবু ওবায়দা খান সাংবাদিকদের বলেন, দুপুর দেড়টার দিকে স্কুলে না যাওয়ার কারণে আহাদ আলী তার ছেলেকে মারধর করছিলেন।
এ সময় আহাদের ছোটভাই শাহেদ আলী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আহাদ হাসুয়া দিয়ে শাহেদের বুকের বাম পাশে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহেদের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহেদের স্ত্রী মর্জিনা খাতুন এ ঘটনায় আহাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
এদিকে ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে আহাদ পালিয়ে যান বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24