২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চোরাই মালসহ আটক ৪

যশোর সদর উপজেলায় কোটি টাকার চোরাই মালসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

যশোর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলায় কোটি টাকার চোরাই মালসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে বালিয়া ভেকুটিয়া বাজারের শহীদ মার্কেট থেকে প্রথমে চোরাই কাপড়সহ চারজনকে আটক এবং পরে মার্কেটের অদূরে লুকানো আরো কিছু মালামাল উদ্ধার করা হয়। আটকরা হলেন শহীদ মার্কেটের মালিক ও আরবপুর ইউপি সদস্য শহীদুজ্জামান শহীদ, তার ভাই শামীম হোসেন, বালিয়া ভেকুটিয়া গ্রামের রহিমা বেগম ও শাহিনুর। উদ্ধার মালামালের মধ্যে রয়েছে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে ব্যবহৃত তেল, ট্রান্সফর্মার চুরির বিভিন্ন যন্ত্রাংশ এবং ৩৫ বান্ডিল ভারতীয় শাড়ি, থ্রিপিচ ও ছাপা কাপড়। এগুলোর মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ শহীদ মার্কেটে অভিযান চালিয়ে চোরাইপথে আনা ৩৫ বান্ডিল ভারতীয় শাড়ি, থ্রিপিচ ও ছাপা কাপড় উদ্ধার করে। পরে আটকদের কথামতো মার্কেটের অদূরে লুকানো বাকি মালামাল পাওয়া যায়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.