ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের নীল নকশা অনুযায়ী কাজ করছেন বলে অভিযোগ করেছেন সরকারদলীয় এক সাংসদ।
সাংসদ ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমান সোমবার সংসদ অধিবেশনে বলেন, “মুক্তিযুদ্ধের সময়ও তিনি বেঈমানি করেছেন। নিম্নমানের রাজাকারদের মেরে তিনি সুনাম কামিয়েছেন।”
“’৭১ সালে টাঙ্গাইল জেলা রাজাকারমুক্ত হওয়ার পর তিনি সেখানে ব্যাংক লুটপাট করেছেন।”
সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ নামে নতুন দল গড়া কাদের সিদ্দিকী অষ্টম সংসদে ওই দলের একমাত্র সাংসদ নির্বাচিত হন। তবে নবম সংসদে আওয়ামী লীগের শওকত মোমেন শাহজাহানের কাছে হেরে যান তিনি।
আশিক বলেন, “বঙ্গবীর কাদের সিদ্দিকী আমাকে যুদ্ধাপরাধী বলে সংবাদপত্রে লেখালেখি করেছেন। তার বক্তব্য অনুযায়ী আমি যুদ্ধাপরাধী হলে একাত্তর সালে কর্মরত শত শত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীও যুদ্ধাপরাধী।”
“কাদের সিদ্দিকী বিএনপি-জামায়াত জোটের ক্রীড়নক হিসাবে কাজ করছেন।”
“আমি যুদ্ধাপরাধী নই। আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২০৩৩ ঘ.
bdnews24