ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাস, হাসপাতাল ও ছাত্রাবাসে আবারো সব ধরনের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
সোমবার মেডিকেল কলেজের ছাত্রাবাসে ও ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কলেজ কর্তৃপক্ষ বলেছে, কোনো শিক্ষার্থী আইন ভাঙলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে।
আগে এ ধরনের পরিস্থিতিতে পুলিশকে কোনো পদক্ষেপ নিতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো।
উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।
এর আগে সোমবার সকাল থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাস ও প্রধান ছাত্রাবাসে বিক্ষিপ্তভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় ৩৯ ও ৪০ ব্যাচের ছাত্রলীগ কর্মীরা সংগঠনের ৩৬ ব্যাচের নেতাকর্মীদের মারধর করেন। পরে সকাল ১০ টার দিকে ৩৬ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেন।
এ ঘটনার পর দুপুর ১২টার দিকে কলেজের ওই দুটি ব্যাচের ছাত্রলীগ কর্মীরা প্রধান ছাত্রাবাসের তৃতীয় তলার ৩০০৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র রাজীব রায়কে কক্ষ থেকে বের করে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদীর সামনেই মারধরের ঘটনা ঘটে। এ সময় তিনি ৩৬তম ব্যাচের ছাত্রদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন।
এদিকে, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পরও দুইপক্ষই ক্যাম্পাস ও ছাত্রাবাসে বিক্ষিপ্তভাবে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে।
গত ১০ ফেব্রুয়ারি রাতে মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর কর্তৃপক্ষ ক্লাস ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি পুনরায় ক্লাস শুরু হয়। ছাত্রাবাস খুলে দেওয়া হয় শনিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৪৪ ঘ.
bdnews24