সাভার, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলের ‘ঢাকা চলো কর্মসূচি’কে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে বিএনপি’র ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশে জানিয়েছে। এদের মধ্যে রয়েছেন আশুলিয়ার চারজন এবং সাভারের দুইজন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ও আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার ছয় নেতাকর্মীকে একটি হরতালে রাজফুলবাড়িয়া এলাকায় ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এরা নিজেদের এলাকায় চারদলের ‘ঢাকা চলো কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলো বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতরা হলেন যুবদল নেতা তাইফুল ইসলাম, বিএনপিকর্মী আলাউদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম, আফজাল উদ্দিন, হেলাল উদ্দিন ও সুমন পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24