ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় তালায় কপোতাক্ষ নদে সব ধরনের মাটি ভরাট, দখল ও বাঁধ নির্মাণের কাজ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, তালা উপজেলার চেয়ারম্যান ঘোষ স্যানাল কুমার, তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, তালা থানার ওসি এবং কারিতাসের রূপসা স্ট্যান্ড অফিসের পরিচালক (দুর্যোগ ও উন্নয়ন) জ্যোতি এফ গোমেজকে এই নির্দেশনা বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন দিতে বলেছে আদালত।
কপোতাক্ষ নদের বুকে বাঁধ দেওয়া হয়েছে- এমন অভিযোগ করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী রোববার হাইকোর্টে এই রিট আবেদন করেন।
এ বিষয়ে দুই দিন শুনানির পর অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি একটি রুল জারি করেছে আদালত। কপোতাক্ষ নদ রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- এই রুলের মাধ্যমে তা জানতে চেয়েছে হাইকোর্ট।
স্থানীয় সরকার সচিব, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, তালা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, তালা থানার ওসি, কারিতাসের রূপসা স্ট্যান্ড অফিসের পরিচালক (দুর্যোগ ও উন্নয়ন) এবং বাঁধ নির্মাণ প্রকল্পের পরিচালক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদকে ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কপোতাক্ষ নদে মাটি ভরাট, দখল ও ‘বাঁধ নির্মাণ প্রকল্প’ বাস্তবায়ন বন্ধ এবং বাঁধ নির্মাণের নামে ভরাট করা সব মাটি নিজ খরচে সরিয়ে নিতে শেষ তিন বিবাদীকে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।
রিট আবেদনটির সঙ্গে এই বাঁধ নির্মাণ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরও সংযুক্ত করে দেওয়া হয়।
গত ২৬ ফেব্র“য়ারি দৈনিক সকালের খবরে প্রকাশিত ‘কপোতাক্ষ নদের বুকে বাঁধ’ শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের বুকে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের বরাদ্দ ও বেসরকারি সংস্থা কারিতাসের অর্থায়নে নতুন করে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে জটিলতা দেখা দিয়েছে।
“স্থানীয়দের একাংশের অভিযোগ, পুরনো বাঁধ সংস্কার না করে নতুন বাঁধ হলে ভূমিদস্যুদের দখলে চলে যাবে জেগে ওঠা চরের জমি। কপোতাক্ষ তীরের পূর্ব সীমানার বাঁধ সংস্কার না করে নতুন করে নদের মধ্যে বাঁধ নির্মাণ করায় এলাকাবাসী অভিযোগ তুলেছে।”
প্রতিবেদনে আরো বলা হয়, “আগে কপোতাক্ষের খনন করা মাটি নদীর মধ্যে ফেলে রাখা হয়েছে। এখন আবার নতুন করে বাঁধ নির্মাণ হচ্ছে। এতে আগের বাঁধ নির্মাণের জন্য খননকৃত মাটি ভূমিদস্যুদের দখলে নিতে সুবিধা হবে। আর বাধাগ্রস্ত হবে কপোতাক্ষ খনন প্রকল্প।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/জেকে/১৭৩৫ ঘ.
bdnews24