গাজীপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের রায়ে খালাস পাওয়ার পর মুক্তি পেয়েছেন সিরিজ বোমা হামলার মামলায় বিচারিক আদালতে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সাত সদস্য।
সোমবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
এরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা থানার দেবীনগর এলাকার আজিম উদ্দিন (২৮), একই এলাকার ইউনুস আলী (২৮) ও কালিগঞ্জ থানার মোল্যাকোড়া এলাকার সদর উদ্দিন (২৯), আড়পাড়া গ্রামের জহিরুল আল-মামুন ওরফে চাঁদ (৩৩), বেপারীপাড়া এলাকার বিল্লাল হোসেন (২৯), শৈলকূপা থানার দেবীনগর এলাকার রবজেল হোসেন (২৮) এবং একই এলাকার আজিজুর রহমান (৩২)।
২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার পর ঝিনাইদহ সদর থানায় ২১ জেএমবি সদস্যকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়; যা পরবর্তীতে স্পেশাল ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিলো।
২০০৬ সালে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক সা. কা. ম আনিছুর রহমান ২১ জনকেই ফাঁসির আদেশ দেন। এদের দুইজন পলাতক রয়েছেন। তারা হলেন- ঝিনাইদহের কাঞ্চনপুর গ্রামের মোহন ও শিকারপুর গ্রামের তুহিন রেজা।
২০০৬ সালের ২১ এপ্রিল তাদের ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
পরে দণ্ডিতদের মধ্যে ১৯ জন ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে ২০১২ সালের ১০ জানুয়ারি বিচারক সাত জনের ফাঁসির দণ্ড মওকুফ করে খালাস এবং বাকিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
কাশিমপুরে কারাগারের ১ নম্বর ইউনিটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মো. জাহাঙ্গীর কবির জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর যাচাই-বাছাই শেষে দুপুর ২টায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে তিন জন্য ১ নং এবং বাকি চার জন দুই নং ইউনিট থেকে মুক্তি পেয়েছেন।
দুটি ইউনিটে এখনো দণ্ডপ্রাপ্ত ৫৩ জেএমবি সদস্য রয়েছেন বলে জানান কারাগারের ২ নম্বর ইউনিটের কারাধ্যক্ষ (জেলার) সুভাষ চন্দ্র ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৩৪ ঘ.
bdnews24