২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংখ্যালঘু নির্যাতনের’ বিচার চেয়ে জাতিসংঘে স্মারকলিপি

একাত্তরের যুদ্ধাপরাধী এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নিউ ইয়র্ক, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধী এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের বিচারের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার বিক্ষোভ শেষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে নিজেদের দাবি তুলে ধরে একটি স্মারকলিপি দেন সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতারা। প্রবাসে বাংলাদেশি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ১৬টি সংগঠনও এ বিক্ষোভে অংশ নেয়। এ সময় সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ, মন্দিরের মূর্তি ভাংচুর বন্ধ করা এবং সংখ্যালঘুদের জন্যে চাকরিতে কোটা সংরক্ষণসহ বিভিন্ন দাবিতে শ্লোগান দেন তারা। ঐক্য পরিষদের একাংশের সভাপতি রতন বড়–য়া বলেন, “বাংলাদেশে অসাম্প্রদায়িক দল সরকার চালাচ্ছে। তারপরও আমাদের বিক্ষোভ করতে হচ্ছে জাতিসংঘের সামনে-এর চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে।” “আমরা আশা করছি, সরকার ও বিরোধী দল সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও মর্যাদার ব্যাপারে একমত হবেন”, যোগ করেন তিনি। ঐক্য পরিষদের অপর অংশের সভাপতি ডা. টমাস দুলু রায়, সম্পাদক সুশীল সাহা, সহসভাপতি প্রদীপ মালাকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শিতাংশু গুহসহ পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট ও বস্টন থেকে আসা প্রবাসী বাংলাদেশিরাও এ কর্মসূচিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএ/জেকে/১৬০৫ ঘ.