ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।
রাজধানীর নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাস থেকে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আগামী ১৮ মার্চ অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে।
বিচারক মো. শাহেদ নূর উদ্দিন সোমবার জানান, প্রস্তুতি যথাযথ না হওয়ায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর নতুন তারিখ ধার্য করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে গত বছরের ৩ জুলাই এ মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আসামিদের অনেকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করলে দীর্ঘদিন ধরে আবেদনগুলোর শুনানি চলে। এরপরই অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়।
নতুন ৩০ জন যোগ হওয়ায় আলোচিত এ মামলার আসামির সংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে।
নতুন অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ঢাকার কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও রয়েছেন- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান, অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন।
এছাড়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল বাবুর নামও আসামির তালিকায় রয়েছে।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন।
বিএনপি জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে দুটি অভিযোগপত্র দাখিল করেন।
পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান। এরপর গত বছরের ৩ জুলাই ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে সম্পূরক অভিযোগ অভিযোগপত্র দেন তিনি।
এতে বিস্ফোরক ও হত্যা- দুটি মামলায় ৫২ জনকে আসামি করা হয়েছে। আগের ২২ জন আসামির মধ্যে হুজি নেতা মুফতি আব্দুল হান্নান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১২০৫ ঘ.
bdnews24